চলনবিলাঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব \ এক শিশুর মৃত্যু
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একই সাথে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে বয়স্ক ব্যক্তিরা। ডায়রিয়ায় ফরিদপুর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি হলো উপজেলার বিলচান্দক গ্রামের আঃ মালেকের ৬ মাস বয়সী মেয়ে মারিয়া। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, সে সেপ্টিসেমিয়া, জ্বর ও পাতলা পায়খানা রোগে মারা গেছে। তবে রোগীর বাবা-মা জানায় সে পাতলা পায়খানা জনিত কারণে মারা গেছে। গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
মৌলভীবাজারের কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি \ জেলা মহিলা বিষয়ক অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক মৌলভীবাজারে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার জেলার রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান মাঠে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক আশরাফ হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিলুফার বেগম প্রমুখ।
মধুখালীতে ১০ দিন ধরে নির্মাণ শ্রমিক নিখোঁজ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মধুখালী উপজেলার গোন্দারদিয়া বেঙ্গলক্লাব এলাকার এক নির্মাণ শ্রমিক ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো. নান্টু সেখ পিতা. মৃত. আ. রশিদ আকা সেখ। নিখোঁজ শ্রমিকের আপন ভাই মো. শাজাহান সেখ জানান, নান্টু সেখ গত ৯ এপ্রিল সকালে ১০টায় তার স্ত্রীকে আনার জন্য উপজেলার বাগাট ইউনিয়নের গোপালদি গ্রামে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফিরে আসে নাই। নান্টু সেখের কাছে থাকা মোবাইলটি (০১৯৪৩-৮৯৮৭১৮) বন্ধ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ শ্রমিকের ভাই শাজাহান সেখ গত শনিবার রাতে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরী করে ।
গাজীপুরের সদর উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। গতকাল রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল কলেজ থেকে আইনে এলএলবি এবং ঢাকা বিশ্বদ্যািলয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স ডিগ্রী লাভ করে আইন পেশায় নিয়োজিত হন এবং বর্তমানে জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সারা বাংলাদেশে সর্বাধিক ভোট পেয়ে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জানান, অনগ্রসর সমাজের বিপুল জনগোষ্ঠির বিশেষ করে নারীদের অর্থনৈতিক দৈন্যতা কাটিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তিনি কাজ করে থাকেন। তিনি সমস্যায় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জয়পুরহাটে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা শনিবার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম খুরশীদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম, বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ডুমুরিয়ায় জরিমানা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সামছু-দৌজ্জা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজার নেতৃত্বে উপজেলার খর্ণিয়া বাজারে মত্স্য আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি মাছ ভর্তি ট্রাক থেকে অপদ্রব্য পুশ করা প্রায় ২ লাখ টাকার মূল্যের ২শ’ কেজি গলদা ও বাগদা চিংড়ি নষ্ট করে নদীতে ফেলে দেয়া হয়। এ সময় আদালত ছাব্বির হোসেন, মিঠু, গৌর বিশ্বাস, মফিজুর রহমান, সুব্রত ও জাহিদ হোসেন নামের ৬ মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মত্স্য অফিসার সরোজ কুমার মিস্ত্রি উপস্থিত ছিলেন।
কালকিনিতে ডাচ বাংলা ব্যাংক ফ্যাস্ট ট্রাক সেন্টার উদ্বোধন
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা থানার মোড়ে হাওলাদার মার্কেটে গত শনিবার ডাচ বাংলা ব্যাংকের ফ্যাস্ট ট্রাক সেন্টারের শুভ উদ্বোধন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদারীপুর ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব আলী মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মার্কেটের মালিক আলহাজ মোঃ ইউনুছ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী পন্নু হাওলাদার, নাসিরউদ্দিন লেলিন, ফরিদ হোসেন টিটু, হাবিব হাওলাদার, আহসান হাবিবসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আটোয়ারীতে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের আটোয়ারীতে ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমলেশ কুমার রায় ও সাধারণ সম্পাদক পদে মানিক হোসেন নির্বাচিত হয়েছেন। অন্য পদে নির্বাচিতগণ হলেন সহ-সভাপতি পদে মো. সহিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল, প্রচার সম্পাদক মো. আব্দুল গফুর, দপ্তর সম্পাদক মো. আব্দুল সাত্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল বাসার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শওকত আলী ও বর্তমানে জেলহাজতে থেকে কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কাদের এবং কার্যকরী সদস্য হিসেবে তিনজন যথাক্রমে মো. জাহেদুল ইসলাম (জাহিদ), মো. তরিকুল ইসলাম ও মো. স্বাধীন।
ঝুলফু লালপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুছ আলীর মৃত্যুজনিত কারণে শনিবার থানা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফুকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে। থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আরী খাঁ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর-১ আসনের এমপি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ্যাড. ইছাহাক আলী, আব্দুল ওয়াহেদ প্রমুখ।
পঞ্চগড়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলাপর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সামসুল আযম। পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.শাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান আলোচক ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এ এম এম সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন-মোহাম্মদ, নুরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সহকারী পরিচালক রাজিউর রহমান, ইমাম সমিতির সভাপতি গাজিউর রহমান প্রমুখ।
চট্টগ্রাম কাজেম আলী স্কুলের কমিটি ভেঙে দেয়ার দাবি
চট্টগ্রাম অফিস \ গত শনিবার নগরীর চকবাজার গণি বেকারী মোড়ে কাজেম আলী হাইস্কুল ও কলেজ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে কাজেম আলী হাইস্কুল ও কলেজের কমিটি ভেঙে দেয়ার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সরদার জয়নুল আবেদীন। প্রধান অতিথি ছিলেন জাসদ মহানগরের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা লতিফা ছিদ্দিকী, ইমরান আহমেদ ইমু প্রমুখ।
ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ
পরশুরাম (ফেনী) সংবাদদাতা \ ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার ৯টি শাখার গ্রাহকদের নিয়ে গ্রাহক ও সুধী সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম. আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আকরাম হোসেন হুমায়ুন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোশারফ হোসেন, ব্যাংকের শেয়ার হোল্ডার এম.এ খান বেলাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন।
মনোহরদী আ’লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গুকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে বর্তমান প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেড, এম সাক্লাইন স্বপনকে। গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ অনুষ্ঠিত মনোহরদী উপজেলা নির্বাচনে দলের তৃণমূল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ না করে অনুসারীদের নিয়ে তিনি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাধারণ সম্পাদক রঙ্গু নির্বাচনে বিভাজন সৃষ্টি করায় ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়েছেন।
শৈলকুপায় দু’ দিনব্যাপী ডিজিটাল মেলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গতকাল রবিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করেছে। এ মেলায় ৩০টি স্টল খোলা হয়েছে। সেখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও অন্যান্য সংস্থা ল্যাপটপের সাহায্যে স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরছে। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ আলি প্রিন্স মেলার উদ্বোধন করেন।
নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার উপজেলা চকরামপুর গ্রামবাসী এই সংবর্ধনার আয়োজন করেন। সমাজ সেবক আহসান আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, ইউপি সদস্য খয়বর আলী, কৃষক দলের নেতা আঃ লতিফ, জামায়াতের নেতা ইউনুছ আলী প্রমুখ।
খুলনায় মশার কয়েলের আগুনে মহিলা পুলিশ অগ্নিদগ্ধ
খুলনা অফিস \ খুলনায় মশার কয়েলে রাজিয়া সুলতানা সোনিয়া (২৩) নামে এক নারী পুলিশ কনস্টেবল অগ্নিদগ্ধ হয়েছেন। এতে তার শরীরের ৮০শতাংশ পুড়ে গেছে। গত শনিবার সকাল ৮টার দিকে ফুলতলা থানা পুলিশ কোয়ার্টারের নিজ কক্ষে তিনি অগ্নিদগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, সকালে মশার কয়েল জ্বালিয়ে সোনিয়া পুলিশ কোয়ার্টারের নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। অসাবধানতাবশত মশার কয়েল থেকে তার শরীরের পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়।
সাভারের আশুলিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
স্টাফ রিপোর্টার, সাভার \ সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে আশুলিয়ার বেরন মন্ডল মার্কেট এলাকা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃত জাহাঙ্গীর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর মন্ডল মার্কেট এলাকার একটি দোকানে প্রবেশ করে চাঁদার দাবিতে অস্ত্র প্রদর্শন করে ওই দোকানিকে জিম্মি করে ফেলে।
উন্নয়নের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি
খুলনা অফিস \ খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহ, পদ্মা সেতু নির্মাণ, বিমান বন্দরের কাজ দ্রুত শুরু, জাতীয় বাজেটে অধিক বরাদ্দসহ খুলনা উন্নয়নে বিভিন্ন দাবিতে গত শনিবার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর আমরা খুলনাবাসী আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ড. মোঃ নাসির উদ্দিন। বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, শেখ আশরাফুজ্জামান, এডভোকেট এস আর ফারুক, শেখ মোশারেফ হোসেন, শরীফ শফিকুল হামিদ চন্দন, লোকমান হাকিম, ড. রেজাউল করিম, সাহাদত হোসেন প্রমুখ।
ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরের বৈশাখী মেলাকে কেন্দ্র করে গত শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশ ও মহিলাসহ উভয় গ্রুপের ২৫ জন আহত হয়। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পৌরসভা সংলগ্ন হাজরাহাটি গ্রামের হিজলতলায় বৈশাখী মেলা শুরু হয় বিকাল থেকে। মেলা শুরুর কিছু সময় পর আওয়ামী লীগ নেতা ওমর খরাদি ও সাহেব আলী খরাদি লোকজনের মধ্যে মেলার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
রংপুর পলিটেকনিকে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার
রংপুর প্রতিনিধি\ গত শনিবার রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে দিন ব্যাপি স্কিলস কম্পিটিশন বিজ্ঞান মেলা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট এবং উলিপুর সাইন্স এন্ড টেকনলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মদ। অধ্যক্ষ প্রকৌশলি খোন্দকার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক আ. ন. ম সালাহ্ উদ্দিন খান ও সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী। বক্তব্য রাখেন, রংপুর পলিটেকনিকের পাওয়ার বিভাগের প্রধান নবেজ উদ্দিন আহমেদ, কম্পিউটার বিভাগের প্রধান ফুয়াদ উদ্দিন, জুনিয়র ইন্সঃ মহাদেব কুমার গুনসহ আরো অনেকে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আবিস্কৃত ডিজিটাল লকার, হাইড্রলিক পাওয়ার প্লান্ট, ভূট্টা বপনকারী যন্ত্র, কুলি সু (ফ্যান অওলা জুতা), বিদ্যুত্ সাশ্রয়ী সিস্টেম, বিদ্যুিবহীন মোবাইল চার্জার, ফরমালিন টেস্ট, জরুরি রক্ত সংগ্রহ, পলিটেকনিক তথ্য, বৃষ্টি থেকে কাপড়কে রক্ষাসহ নানান যন্ত্র প্রদর্শন করেন।
