বেলাবতে কাল বৈশাখী ২০০ ঘর বিধ্বস্ত

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩৪
নরসিংদীর বেলাব উপজেলায় গত শনিবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। বিন্নাবাইদ এলাকায় গাছের ডাল পড়ে আহত হয়েছে অন্তত ১০ জন। ঝড় ও শিলাবৃৃষ্টিতে উপজেলার বিন্নাবাইদ, পাটুলী, চরউজিলাব, চর আমলাব, বাঘবের, নারায়ণপুর, সররাবাদসহ বিভিন্ন এলাকায় বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আম, লটকন ও বিভিন্ন ফলের মকুল ঝড়ে গেছে। সবজি অধ্যুষিত এ এলাকায় বেগুনের বেশি ক্ষতি হয়েছে। এলাকার কৃষকরা জানান, ঝড়ে তাদের কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এলাকার লোকজন জানিয়েছেন, কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শনিবার বিকেলে হঠাত্ আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। মুহুর্তের মধ্যেই শুরু হয় বৃষ্টি ও শিলাপাত। তবে বৃষ্টির চেয়ে শিলার সংখ্যাই ছিল বেশি। ছোট বড় মাঝারি আকারের ব্যাপক শিলাপাতে বোরো ধানের পাতা ও কান্ড ভেঙ্গে পড়েছে। শিলার তোড়ে মওসুমী শাক-সবজি মিষ্টিকুমড়া, ঝিঙ্গা, শশা, ধুন্দুল, পিঁয়াজ, কাঁচামরিচ, চিচিংগা ও বেগুন ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।