চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ও বাবুপুর গ্রামে শনিবার সন্ধ্যায় দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষকালে শিবগঞ্জ থানার ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে গান পাউডার, ডিজেল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে ৪০টি বাড়ি ভস্মিভূত হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সোভান উচ্চ বিদ্যালয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ও বাবুপুর গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ হয়। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য শনিবার বিকালে পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ও উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়াসহ দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষকে নিয়ে মিমাংসায় বসেন। শান্তিপূর্ণ মিমাংসার পরও দু’পক্ষের কিছু উচ্ছৃঙ্খল লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং ৪০টি বাড়িঘরে গান পাউডার, ডিজেল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময়ে লুটপাটের ঘটনাও ঘটে। আগুনে বেশ কিছু গবাদিপশু পুড়ে মরেছে। সংঘর্ষ থামাতে গিয়ে শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান আহত হন। পুলিশ সুপার বশির আহম্মদ জানান, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ১৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ও ৫ রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
