যুবদল নেতাকে হত্যার পর লাশ গাড়ির নিচে ফেলে দিল সন্ত্রাসীরা

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩৪
মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবদল নেতা সুমনকে (২৫) পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির নিচে ফেলে দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার মুহুরীগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দৌলতপুর গ্রামের রাজপাড়ার লকিয়ত উল্লার ছেলে ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক সুমন এলাকায় ফেনসিডিল, মদ, গাঁজা, হিরোইন ও দেহ ব্যবসায় বাধা দিয়ে আসছিল। এ কারণে তার সঙ্গে স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসী ও যুবদল নেতা মিন্টু হত্যা মামলার আসামি বাদশাসহ কয়েকজনের বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় সুমন মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইকবাল সিএনপি ফিলিং ষ্টেশনের সামনে আসলে বাদশার নেতৃত্বে ৭-৮ জন যুবক সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার পর গাড়ির নিচে ফেলে দেয়। এ ব্যাপারে স্থানীয় ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রবিবার বিকালে সুমনকে দৌলতপুর গ্রামে দাফন করা হয়।