আগামী বাজেটে কোম্পানির কর্পোরেট করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এ দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান।
প্রস্তাবে বলা হয়, বর্তমানে ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার সাড়ে ৪২ শতাংশ। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার অন্যান্য দেশের কর্পোরেট করহারের তুলনা করে বাংলাদেশের করহারকে অনেক বেশি বলে দাবি করা হয়।
ব্যাক্তির করমুক্ত আয়সীমা বিদ্যমান ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। মহিলা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ৩ লাখ ও প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। সংগঠনের পক্ষে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিষয়ে ৮৯টি প্রস্তাবের কয়েকটির উপর আলোকপাত করেন এমসিসিআইয়ের নির্বাহী সদস্য আদিব এইচ খান।
এছাড়া ট্রাইব্যুনালে আপীল দায়েরের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর পরিশোধ কমিয়ে ৫ শতাংশ করা, আমদানি পর্যায়ে অগ্রিম কর বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে আড়াই শতাংশ করা, বিদেশ ভ্রমণ খরচের সীমা প্রত্যাহার, পর্যটন শিল্পের কর অবকাশ পুন:প্রবর্তন করা, আয়কর, সারসার্জ ও অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে করের কাঠামো যৌক্তিক করা, তালিকাভূক্ত কোম্পানি ২০ শতাংশের বেশি লভ্যাংশ দিলে রেয়াতের হার যৌক্তিক উপায়ে বাড়ানোর প্রস্তাব করা হয়।
আলোচনায় অংশ নিয়ে রোকেয়া এ রহমান বলেন, রাজনৈতিক সমস্যা থেকে দেশ বেরিয়ে এলেও বিদ্যুত্, গ্যাস ও অবকাঠামো সমস্যা রয়ে গেছে। বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে এসব সমস্যা সমাধানের পাশাপাশি প্রণোদনা দেয়া প্রয়োজন।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, এনবিআরের সব কার্যক্রম আগামী এক বছরের মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে যাবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সহায়তা দরকার। এ সময় আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন এমসিসিআইয়ের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, হাবিবউল্লা এন করিম, মামুন রশীদ, শামসুল ইসলাম খান, আক্তার মতিন চৌধুরী প্রমুখ। এর আগে বাজেট আলোচনায় উপস্থিত হয়ে মসলা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়। বিভিন্ন পর্যায়ে কর প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
