অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে দেশীয় শিল্প বিকাশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ‘ওয়ালটন বাংলাদেশের শিল্পায়নের চমত্কার উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন। গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ওয়ালটনের মতো আরো কিছু শিল্প উদ্যোক্তা এগিয়ে আসলে আগামি ৪/৫ বছরের মধ্যে বাংলাদেশ শিল্পোন্নত দেশের কাতারে চলে যাবে। প্রতিমন্ত্রী প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং ওয়ালটনের বিভিন্ন উত্পাদন ইউনিট সরেজমিন পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, আবুল বাশার হাওলাদার, এমদাদুল হক সরকার ও হুমায়ুন কবীর প্রমুখ।
