নিজের রেকর্ড ভাঙ্গতে মরিয়া বোল্ট

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:০৪
স্প্রিন্ট সুপারস্টার উসেইন বোল্ট জানিয়েছেন, পাঁচ বছর আগে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে নিজের সৃষ্ট দু’টি বিশ্ব রেকর্ড ভাঙ্গার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। জ্যামাইকার ২৭ বছর বয়সী এই অ্যাথলিট ইনজুরি কাটিয়ে গত সপ্তাহে অনুশীলনে ফিরেই জানান ১০০ ও ২০০ মিটারে তিনি আরো কিছু সময় ছেঁটে দিতে পারবেন। বোল্ট ২০০৯ সালে ১০০ ও ২০০ মিটারে যথাক্রমে ৯.৫৮ এবং ১৯.১৯ সেকেন্ডে দৌড়িয়ে বিশ্ব রেকর্ড দুটি গড়েছিলেন। কোচ গ্লেন মিলসের অধীনে অনুশীলন শুরু করা বোল্ট রেসার্স ট্র্যাক ক্লাবে বলেন, ‘এর চেয়ে কম সময় নিয়ে নতুন রেকর্ড গড়া যায় কিনা সে বিষয়ে আমি আমার কোচের সঙ্গে আলোচনা করেছি এবং তিনি মনে করেন এটা খুবই সম্ভব।’ তিনি আরো বলেন, ‘আমি আমার কোচকে পুরোপুরি বিশ্বাস করি। কাজেই কোচ মিলস যদি বলেন সে রেকর্ডগুলো ভাঙ্গা সম্ভব, তাহলে আমি জানি আমি তা পারব।’ বোল্টের ম্যানেজার রিকি সিমস এর আগে জানিয়েছিলেন যে, বোল্টের পায়ে ইনজুরি ছিল। তবে বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলিট এ নিয়ে চিন্তিত নন। বরং তিনি আসন্ন মৌসুমের ব্যাপারেই মনোনিবেশ করছেন। বোল্ট গত সপ্তাহে জ্যামাইকান গ্লিনার পত্রিকাকে বলেন, ‘এটা (ইনজুরি) মারাত্মক কিছু নয়। আমার অভিজ্ঞতা বলে এটাই খেলাটির ধরন মাত্র। এ ধরনের বিপর্যয় ট্র্যাক এন্ড ফিল্ডেরই অংশ। আমি অনেকদিন আগে থেকেই ব্যাপারটা মেনে আসছি। আমি আমার মধ্যেই ছিলাম এবং এখন আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ পাঁচ বছরের উপর বোল্ট স্প্রিন্টের ইভেন্ট দুটিতে কোন নতুন রেকর্ড গড়তে না পারলেও মাঝের সময়টায় কয়েকবার কাছাকাছি গিয়েছিলেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সেকেন্ডে ১০০ মিটার পেরিয়ে রেকর্ডটি ভাঙ্গার কাছাকাছি হয়েছিলেন তিনি। ২০০৯ সালের পর এটাই ছিল তার ৯.৭০ সেকেন্ডে দৌড়ানোর একমাত্র ঘটনা। এর পাশাপাশি মৌসুম সেরা কটি সময়ও ছিল কাছাকাছি। এগুলো হলো ৯.৮২ (২০১০), ৯.৭৬ (২০১১) ও গত বছরের দৌড়ানো ৯.৭৭ সেকেন্ড। ২০০ মিটারে স্প্রিন্টারটি ২০১২ সালে ১৯.৩২ সেকেন্ডে দৌড়িয়েছিলেন। তার অন্য ভাল সময়গুলো হলো ১৯.৫৬ (২০১০), ১৯.৪০ (২০১১) ও ১৯.৬৬ (২০১৩)। জ্যামাইকানটির বিশ্বাস এই মৌসুমে তিনি ভাল সময়ে দৌড়াতে পারবেন। এমনকি জ্যামাইকারও ভাল সুযোগ আছে আগামী মাসে দ্য বাহামায় অনুষ্ঠেয় আইএএএফ-এর ওয়ার্ল্ড ইনডোর রিলেতে চার গুনীতক ২০০ মিটারে সান্তা মনিকা ট্র্যাক ক্লাবের ১:১৮.৬৮ রেকর্ডটি ভেঙ্গে দেয়ার। তিনি অবশ্য নিশ্চিত করেননি ২৪ ও ২৫ মে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে তার অংশগ্রহণের ব্যাপারটি। কিংবদন্তী হতে চলা বোল্ট অবশ্য রেকর্ডগুলো ভাঙ্গার জন্য আগামী তিন বছরে বড় তিনটি আসর পাচ্ছেন। এগুলো হলো আগামী বছরে বেজিংয়ে অনুষ্ঠেয় আইএএএফ চ্যাম্পিয়নশিপ, রিও ডি জেনিরোতে ২০১৬ সালের অলিম্পিক ও ২০১৭ সালে লন্ডনে আয়োজিত হতে যাওয়া আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।-বাসস/জ্যামাইকান গ্লিনার