গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। গতকাল রবিবার পলাশ উপজেলার ধনাইরচর গ্রামে ভাইদের পিটুনিতে মারা গেছে এক গৃহবধূ। গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শিল্পী বেগম তার পৈতৃক সম্পত্তিতে নিজের অংশ দাবি করলে ভাইদের সাথে তার তর্ক হয়। এক পর্যায়ে ভাইরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল সকালে সদর উপজেলার জিরসতলা গ্রাম থেকে পুলিশ বস্তাবন্দী এক অজ্ঞাতনামা যুবকের (২৮) লাশ উদ্ধার করে। কে বা কারা গত শনিবার রাতে তাকে গলা কেটে হত্যা করে তার লাশ বস্তাবন্দী করে ওই স্থানে ফেলে যায়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরনে একটি সাদা লুঙ্গি এবং গায়ে কালো সেন্ডো গেঞ্জি পরিহিত ছিল। সকালে পথচারীদের নজরে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
এরআগে গত শনিবার রাতে শিবপুর উপজেলার চক্রধা গ্রামে দুষ্কৃতকারীরা অজ্ঞাত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় বোরো ক্ষেতে লাশ ফেলে যায়। পুলিশ জানিয়েছে, তার পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিল। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
