প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের মা বেগম আসিয়া আক্তার খাতুন ইন্তেকাল (ইন্নালিল্লাহ... রাজিউন) করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রধান বিচারপতির মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রধান বিচারপতির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ সোমবার কিশোরগঞ্জের হোসেনপুরের গোলপুকুরপাড় ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার একেএম শামসুল ইসলাম।
