গার্হস্থ্য অর্থনীতি কলেজের সেই পোকা আফ্রিকান

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৬
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষক ও ছাত্রীদের মধ্যে আতংক ছড়ানো সেই পোকা আফ্রিকান। বৃষ্টি হলে বা প্রচুর পানি ছিটালে ‘জায়ান্ট মিলিবাগ’ নামের এই পোকার উপদ্রব কমতে পারে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, পোকার সংক্রমণ যাতে মারাত্মক আকার নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আফ্রিকান এই পোকাটি পাশের দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে আসতে পারে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আফ্রিকান এই পোকা ফসলের জন্য বেশি ক্ষতিকর। তবে মানুষের সংস্পর্শে এলে চুলকানি, এলার্জি ও শ্বাসকষ্ট হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিশেষজ্ঞ দল বিষয়টি খতিয়ে দেখছে। এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক আবুল বাশার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রজ্জব আলী প্রমুখ। গত কিছুদিন ধরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে ওই পোকার উপদ্রব দেখা দিলে এই নিয়ে শিক্ষক ও ছাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।