রেলের জমির সাথে আল্লামা শফীর সম্পর্ক নেই

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৬
বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে লিজ নেয়া জমির সাথে সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী ও তার পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। রেলওয়ের জমিগুলো হাটহাজারী মাদ্রাসার কাজে ব্যবহূত হবে। আল্লামা শফী ও হেফাজতে ইসলামের সুনাম ক্ষুণ্ন করার জন্য গণমাধ্যমের একটি অংশ এ বিষয়ে মনগড়া সংবাদ প্রচার করছে বলে গতকাল রবিবার এক বিবৃতিতে হেফাজত ইসলামের নেতারা দাবি করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে অনেক আগেই জমি লিজ নেয়ার জন্য আইনী প্রক্রিয়া অনুসরণ করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জমিগুলো মাদ্রাসা জন্য বরাদ্দ দেয়া হয়। তবে সেই সময় জমির দখল বুঝিয়ে দেয়া হয়নি। জমির দখল পাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ সাইনবোর্ড ও খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে। হেফাজত ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা নূর হোসেন কাছেমী প্রমুখ যৌথভাবে এই বিবৃতি দিয়েছেন।