রায়গঞ্জে মোটর সাইকেল চালক মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৭
জেলার রায়গঞ্জে ছিনতাইকারীরা মোটর সাইকেল চালককে বেধড়ক মারপিটে মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ২টি বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামে গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, দেবরাজপুর গ্রামের মোজাহার আলীর একমাত্র ছেলে শাহ আলম (২৫) মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটায়। গত শনিবার রাত ১০টার দিকে চান্দাইকোনা থেকে ৩ জন যাত্রী নিয়ে ভাড়ায় যাবার সময় পথে ছদ্মবেশী যাত্রীরা চালক শাহ আলমকে মুখে পেপার ঢুকিয়ে বেধড়ক মারপিট করে। পরে মৃত ভেবে তাকে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মতিয়র রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মামলায় উল্লেখ থাকা ২ আসামির বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে। তারা চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।