রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার বিদায়

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৭
রাজউকের বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, জনস্বার্থে কাজ করতে গেলে নানা হুমকি-ধামকি আসবে, তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে। গতকাল রবিবার রাজউকের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তার বিদায়ী সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, রাজউকের দায়িত্ব পালন করা ছিল তার জন্য বিরাট চ্যালেঞ্জ। দীর্ঘ ৫ বছর রাজউকে দায়িত্ব পালনকালে তাকে দুটি অপশক্তির সাথে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। এদের একটি রাজউকের ভিতরে থাকা জাল-জালিয়াত ও দুর্নীতিবাজ চক্র। অপরটি হচ্ছে খাল-বিল দখলকারী ও পরিবেশ ধ্বংসকারী ভূমিদস্যু চক্র। তিনি বলেন, শহর রক্ষা করতে গিয়ে আমার শত্রু বেড়েছে। আমার কোন পারিবারিক শত্রু নেই। বিদায়ী চেয়ারম্যান বলেন, রাজউকের সেবাকে গণমুখী করার চেষ্টা করেছি। ছুটির দিনেও কাজ করেছি। রাজউক নামের একটি ডুবন্ত জাহাজকে তুলে এনে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দীর্ঘ ৫ বছর লড়াই করে শহরটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনার চেষ্টা করেছি। রাজউকের দুর্নাম ঘুচিয়ে সংস্থাটির স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করা হয়েছে। তিনি এর ধারাবাহিকতা ধরে রাখতে রাজউকের নতুন চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি অবসর সময়টা পরিবেশ রক্ষার কাজে ব্যয় করবেন বলে জানান। রাজউকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানান। প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে হাতিরঝিল ও কুড়িল ফ্লাইওভার প্রকল্প সম্পন্ন হয়। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প ও উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের প্লট হস্তান্তর কার্যক্রম তার সময়েই শুরু হয়। রাজউকের নতুন জনবল কাঠামো, জোনাল সিস্টেম তার একক প্রচেষ্টায় বাস্তবায়নের পথে। উল্লেখ্য, ২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান প্রকৌশলী মো. নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর কয়েক দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ২০ এপ্রিল পূর্ণ সচিবের পদমর্যাদায় রাজউক চেয়ারম্যান নুরুল হুদার চুক্তির মেয়াদ শেষ হয়। আজ সোমবার থেকে নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) ও অতিরিক্ত সচিব প্রকৌশলী জি এম জয়নাল আবেদীন ভূইয়া। ইতিপূর্বে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ভবেশ পোদ্দার, সদস্য (এস্টেট ও ভূমি) শামীম ইকবাল, সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রমুখ।