প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-ছাত্রী এবং নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন। গতকাল রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২২ জন নবীন ও প্রবীণ বিজ্ঞানীকে স্বর্ণপদক প্রদান করেন। খবর বাসসের।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গবেষণায় অনেক সফলতা দেখিয়েছে। দেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তা এ গবেষণার ফসল। এ দেশের বিজ্ঞানীদের উদ্ভাবন করা সফটওয়্যার সারা দুনিয়ায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা, প্রদর্শনী ও প্রবন্ধ প্রকাশনায় বিজ্ঞানীদের উপস্থাপনা বাংলাদেশের জন্য বিজ্ঞান চর্চায় সম্মান বয়ে এনেছে। পাটের জীবন রহস্য উদঘাটন দেশের কৃষি প্রযুক্তির ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
শেখ হাসিনা বলেন, আমরা চাই বেশি করে বিজ্ঞান গবেষণা ও চর্চা হোক। এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমরা দিয়ে যাবো। প্রধানমন্ত্রী নিজেকে সাহিত্যের ছাত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিজ্ঞান বোঝেন। আর এটা শিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, সকলের সহযোগিতা ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, তার সরকার সীমিত সম্পদের মধ্য থেকেই বিজ্ঞান চর্চায় সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিজ্ঞানীদের পাশে আছে এবং থাকবে।
