স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের মধ্যে একটি হলো কমিউনিটি হেলথ ক্লিনিক। এটি সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে এই কমিউিনিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, একবার বন্ধ করে দেশবাসীর ক্ষতি করেছেন। ভবিষ্যতে আর কখনো এই কাজ করবেন না। সেবা, খাদ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বের কোথাও রাজনীতি হয় না। এগুলো নিয়ে রাজনীতি করলে দেশ পিছিয়ে যাবে।
গতকাল রবিবার আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটরিয়ামে কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিনিধিদের সচেতনতা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম স্বাস্থ্য খাতকে আরো গতিশীল করতে মন্ত্রণালয়ে এসে গঠনমূলক পরামর্শ দেয়ার জন্য বিএনপি, জাতীয় পার্টিসহ সকল বিরোধী দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। তবে এ জন্য সরকারের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব পালন করতে হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ ও জাতির কল্যাণে ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের সহযোগিতা করুন। কিন্তু নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে সরকার তা কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।
মোহাম্মদ নাসিম বলেন, সেবার চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই একের অধিকবার হজ্ব না করে জনগণের সেবা করা উচিত। আর স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কখনোই ফাঁকি দেয়া উচিত নয়। স্বাস্থ্য সেক্টরে এবার দুই হাজার কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব ডা. মাকদুমা নার্গিস, ডা. আবুল মনসুর খান প্রমুখ। কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
