কক্সবাজারে জব্দ হওয়া এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা টেবলেট আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় চুলায় বিস্ফোরণে বিজিবির এগার সদস্য অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১টার দিকে কক্সবাজারস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নে এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ বিজিবি সদস্যরা মাটিতে গড়াগড়ি দিয়ে এবং অন্যরা তাদের শরীরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ বিজিবি সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবি মহাপরিচালকসহ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির অন্যান্য কর্মকর্তা দৌড়ে সরে গিয়ে অল্পের জন্য রক্ষা পান।
দুর্ঘটনায় আহত বিজিবি সদস্যরা হলেন হাবিব উল্লাহ, ফায়জুল কবির, আশরাফুল ইসলাম, বেলায়েত হোসেন, আবদুল হালিম, সজিব, জাহেদ, আদনান, বিপ্লব, আলিম ও মিলন কান্তি ধর।
ঘটনার ব্যাপারে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব জোনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী সাংবাদিকদের বলেন, এটি নিছক দুর্ঘটনা। ইয়াবা পুড়ানোর জন্য তৈরি চুল্লিতে জেরিকেন থেকে কেরোসিন ঢালার সময় বিস্ফোরণ ঘটেছে।
বিজিবির উদ্ধারকৃত এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব জোনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাফর আলম, ১৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রমুখ।
