পুরানো জনবল কাঠামোর দাবিতে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের আল্টিমেটাম

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২২
নতুন জনবল কাঠামো বাতিল করে পুরানো জনবল কাঠামো পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে গতকাল রবিবার শ্রমিকরা খনি এলাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ, খনি কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করে। সমাবেশে তারা দাবি বাস্তবায়নে খনি কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। বিক্ষোভ সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বলেন, ২০০০ সালের জনবল কাঠামো অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনিতে ২ হাজার ৬৭৪ জন শ্রমিক কাজ করে আসছে। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে খনি কর্তৃপক্ষ নতুন জনবল কাঠামো ঘোষণা করে। নতুন এই জনবল কাঠামোতে মাত্র ৭৩৮ জন শ্রমিক নিয়োগের নীতিমালা করা হয়েছে। সমাবেশে তিনি নতুন জনবল কাঠামো বাতিল করে ২০০০ সালের জনবল কাঠামো পুনর্বহালের দাবি জানান। তিনি আরো বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পুরানো জনবল কাঠামো পুনর্বহাল না করা হলে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়া হবে। খনিতে দুর্ঘটনায় শ্রমিক আহত পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লিফটের ফিতায় জড়িয়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। আনোয়ার দুধিপুকুর এলাকার রমজান আলীর ছেলে। খনির জেনারেল ম্যানেজার (এ্যাডমিন) সিরাজুল ইসলাম বলেন, লিফটের ফিতায় জড়িয়ে আনোয়ারের পায়ের একটি আঙ্গুল কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।