র্যাব পরিচয়ে ছেলেকে অপহরণের ঘটনায় হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ (আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটককৃত ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য বিশেষ রিট) আবেদন দায়ের করেছেন এক পিতা। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন যুবলীগ কর্মী কাজী মো. রকিবুল হাসান শাওনের পিতা মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তায় নিয়োজিত রয়্যাল প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্য ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে ২৪ ঘন্টার মধ্যে অপহূত যুবককে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
আবেদনে দাবি করা হয়, গত ২৯ মার্চ ভোর ৫ টার দিকে র্যাবের পোশাকে একদল লোক শাওনকে তার কুমিল্লার বাসা থেকে তুলে নিয়ে যায়। শাওনের স্ত্রী বাধা দিতে গেলেও তাকে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়। তারা তিনটি গাড়িতে করে আসে, যার দুটিতে র্যাব-১১ লেখা ছিল। শাওন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে কুমিল্লা জেলা যুবলীগের কর্মী বলে আবেদনে বলা হয়েছে। আবেদনে স্বরাষ্ট্র সচিব, র্যাব মহাপরিচালক, আইজি প্রিজন ও র্যাব-১১’র কমান্ডিং অফিসার ও জেলা পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।
