গান ছেড়ে দেবেন অর্ণব!

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:১২
এর আগে কলকাতায় ‘সুফিসূত্র’ নামের একটি ভিন্নধর্মী কনসার্টে গান গেয়ে প্রশংসা পেয়েছেন বিভিন্ন মহলে। দীর্ঘদিন ধরেই কলকাতায় সংগীত নিয়ে কাজ করছেন আমাদের অর্ণব। ‘সে যে বসে আছে’ বা ‘মনপুরা’র মতো সুপারহিট গানের রূপকার হঠাত্ করেই এখন কলকাতার বিভিন্ন স্টেজ ও চলচ্চিত্রের কম্পোজিশন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এ প্রসঙ্গে অর্ণবের সাথে যোগাযোগ করা হলে হাসতে হাসতেই বলেন, ‘গানটা ইদানীং বড্ড একঘেয়ে লাগছে। তাই বলেছি যে ছেড়ে দেওয়ার প্ল্যানও করছি।’ সম্প্রতি বেশ ক’টি ইন্টারভিউয়েও এ নিয়ে কথা বলেছেন। অন্যদিকে অর্ণবের ব্যস্ততার ফিরিস্তি শুনলে বরং অর্ণব যে ওখানে আরও ব্যস্ত হয়ে পড়ছেন তাই স্পষ্ট হয়। কারণ সম্প্রতি জি বাংলার নতুন প্রোডাকশন ‘সং কানেকশন’-এ ওপার বাংলার তাবত্ জনপ্রিয় শিল্পীদের সাথে গান গাইছেন অর্ণব। আগামী দু-তিনমাসের ভেতরে তার গানের শিডিউলও একেবারে নেই। ‘সং কানেকশন’ অনুষ্ঠান প্রসঙ্গে অর্ণব বলেন, ‘আসলে এটা অনেক বড় একটা শো। আমি শিল্পী হিসেবে গানের কাজটুকুই করব। বাকি অনুষ্ঠানের কী প্ল্যান ওরাই ভালো বলতে পারবে।’ নিজের কাজের ব্যাপারে উদাসীন এমন কথাবার্তার পরও যে অর্ণব মাইক্রোফোনের সামনে যে দিব্যি অনন্য এক শিল্পী হয়ে ওঠেন। তা তার যেকোনো শ্রোতাই খুব ভালো জানেন।