সংগীতপ্রতিভা অন্বেষণে পঞ্চমবারের মতো শুরু হলো টিভি রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’। প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচনের কাজ শুরু হচ্ছে ২২ এপ্রিল সিলেট থেকে। পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রাথমিক নির্বাচন অনুুষ্ঠিত হবে। এবার এই প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেলে আছেন সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও সংগীত পরিচালক ইবরার টিপু। এ উপলক্ষে গত ২০ এপ্রিল দুপুরে ঢাকায় রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিকল্পনা ও পরিচালনা করবেন ইজাজ খান স্বপন।
