ব্যাংকিং খাত ঘিরে ডিএসইর লেনদেন

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:৪৩
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ব্যাংকিং খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৩০ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ। এছাড়া ব্যাংকিং খাতের প্রায় বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে সাড়ে তিন শতাংশের বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লনদেন হয়েছে ৪৬১ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। এদিকে কোম্পানির চাহিদার ২০ গুণ আবেদন জমা পড়েছে শাহজিবাজার পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও)। জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ারের বিপরীতে পুঁজিবাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে মোট ৬৩৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির চাহিদার ২০ গুণ। এর আগে গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা নেয়া হয়। প্রবাসী বিনিয়োগকারীরা ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ পান। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ছিল ২৫ টাকা। সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলত ঋণ পরিশোধ করবে। ২০১৩ সালের ৩১ মার্চে শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৮ টাকা।