উইন টিনের মৃত্যু
মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনের অগ্রসৈনিক উইন টিন (৮৫) মৃত্যুবরণ করেছেন। তিনি শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উইন টিন অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি গণতান্ত্রিক আন্দোলনের জন্য ১৯ বছর কারারুদ্ধ ছিলেন এবং ২০০৮ সালে মুক্তি পান। —বিবিসি
ব্রিটেনে সর্বকনিষ্ঠ পিতামাতা
ব্রিটেনে ১২ বছর বয়সী এক কিশোরী এক শিশুর জন্ম দিয়েছে। শিশুটির পিতার বয়স ১৩। এর মধ্যদিয়ে এই দেশটির সর্বকনিষ্ঠ পিতা-মাতা হওয়ার রেকর্ড গড়ল এই দুই কিশোর-কিশোরী। গত সপ্তাহান্তে কিশোরীটি ৭ পাউন্ড ওজনের কন্যাশিশুটির জন্ম দেন। —এনডিটিভি
লাদেনের নামে পাঠাগার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের একটি মাদ্রাসার পাঠাগারের নাম পাল্টে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ওসামা বিন লাদেনের নামে করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার জন্য পরিচিত লাল মসজিদের কাছেই জামিয়া হাফসা নামের ঐ মাদ্রাসাটির অবস্থান। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের এক গোপন অভিযানে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে বিন লাদেন নিহত হন। —বিবিসি
কম্পিউটারে গৃহশিক্ষক!
কম্পিউটার এবার গৃহশিক্ষকের ভূমিকা পালন করতে যাচ্ছে। বার্লিনের হ্যার্মান নোল স্কুলে স্টেফান বায়ারের টিউশন পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে।— ডয়েচে ভেলে
