চেলসি নাকি অ্যাটলেটিকো?

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৫৪
ঐতিহ্য আর শক্তিমত্তায় এক মৌসুম আগেও হয়তো যোজন দূরত্বে ছিল দুই দল। তবে চেলসি আর অ্যাটলেটিকো মাদ্রিদ আজ রাত ১২.৪৫ মিনিটে ভিসেন্তে ক্যালদেরনে যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে সেখানে এগিয়ে থাকবে না কেউই। ঘরোয়া লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে দু’দলের পারফরম্যান্স বলছে তেমনটাই। লা লিগার শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাওয়া অ্যাটলেটিকো সেই ম্যাচে জিতে তাদের পূর্ণজাগরণের দিকে আরেকটি পদক্ষেপ ফেলতে চাইবে। অন্যদিকে সপ্তাহের শুরুতেই সান্দারল্যান্ডের বিরুদ্ধে হেরে অনেকটা বিপর্যস্ত চেলসি চাইবে হারের ধাক্কা সামলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে আরেকটু এগিয়ে যেতে। ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সান্দারল্যান্ডের বিরুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজে গত শনিবারের ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি গোলে ২-১ গোলে হেরে যায় চেলসি। ব্লুজদের হয়ে নিজেদের মাঠে গত ৭৭ ম্যাচে হোসে মরিনহোর এটি ছিল প্রথম পরাজয়। দীর্ঘদিন অপরাজেয় এই রেকর্ডে ছেদ পড়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারি মাইক ডিনকে তার ‘অভিনন্দন’ও জানান মরিনহো। বলা বাহুল্য, বিতর্কিত ঐ পেনাল্টির সিদ্ধান্ত এসেছিল ডিনের কাছ থেকেই। এই হারে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষই হয়ে গেল চেলসির। কারণ মাত্র তিন ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চাইতে চার পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। মরিনহোর এই ক্ষতে প্রলেপ যোগাতে পারে অ্যাটলেটিকোর মাঠে আজ ইতিবাচক কোন ফল। তবে সেটা হয়তো মোটেই সহজ হবে না। কারণ, যে কোন প্রতিযোগিতা মিলিয়ে স্মরণকালে নিজেদের সেরা ফর্মেই আছে অ্যাটলেটিকো। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার আধিপত্য ভেঙ্গে শিরোপা জেতার দিকে অনেকটাই এগিয়ে গেছে দিয়েগো সিমিওনের দল। লিগে সর্বশেষ আট ম্যাচেই জয় পেয়েছে তারা। তাছাড়া ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে শেষ আটের বাধা টপকানোর পথে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বি দলটি। সিমিওনের তরুণ নেতৃত্বে উজ্জীবিত দলটির শারীরিক ভাষাও নজর কাড়ছে সবার। দলের আক্রমণভাগের মূল ভরসা দিয়েগো কস্তাও আছেন দুরন্ত ফর্মে। আর চেলসিকে আতিথেয়তা দেয়ার আগেই দারুণ একটা সুসংবাদ পেয়ে গেছে স্বাগতিকরা। দীর্ঘদিনের চোট বিরতি কাটিয়ে আজই হয়তো দলে ফিরছেন আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা আর্দা তুরান। কুচকির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটানো তুরান ইতোমধ্যে অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। কস্তার দুর্দান্ত ফর্মের কারণে তুরানের চোট হয়তো বড় দুশ্চিন্তা হয়ে আসেনি সিমিওনের জন্য। তবে ইংলিশ জায়ান্টদের বিরুদ্ধে লড়াইয়ে নি:সন্দেহে কোচের দৃষ্টি থাকবে এই তুর্কীর দিকেই। কারণ, এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে মাঠে নেমে তিনটি গোল করেছেন তুরান। সুতরাং আজ কস্তা প্রধান স্ট্রাইকারের ভূমিকায় নামলেও একটু নিচের দিকে খেলতে পারেন তুরানও। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দুই বারের শিরোপাজয়ী কোচ মরিনহোর জন্য আজ হয়তো কঠিন এক অভ্যর্থনাই অপেক্ষা করছে। কারণ চেলসিতে দ্বিতীয় দফায় যোগ দেয়ার আগে রিয়ালের কোচের দায়িত্ব পালন করার সময়টাতে নগর প্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিলেন এই পর্তুগীজ। প্রথম কোচ হিসাবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দ্বারপ্রান্তে থাকা মরিনহো আজ পাচ্ছেন দলের মিডফিল্ডের অন্যতম প্রধান স্তম্ভ বার্নিস্লাভ ইভানোভিচকে। অনিশ্চিত দলের বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডও।