রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার রামুতে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআইসহ ৫ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন: পুলিশের এএসআই মিল্টন, কনস্টেবল সুমন চৌধুরী, শরিফ ও রুপায়ন বড়ুয়া এবং আনসার মো. লাল্টু মিয়া। ডাকাতের গুলিতে আহত পুলিশ কনস্টেবল সুমন চৌধুরী ও আনসার সদস্য মো. নান্টু মিয়া। পুলিশের টহল দলের ব্যবহূত একটি অটোরিকশাকে ডাকাতদলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। এ সময় পুলিশ ডাকাতদলের সদস্যদের ধরার চেষ্টা করলে ডাকাতরা পুলিশের উপর পাল্টা হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশের গুলিতে আহত এক ডাকাতকে ২টি অস্ত্রসহ আটক করা হয়। রাতে রামু থানার ওসি তদন্ত মো. বখতেয়ারের নেতৃত্বে ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আহত ওই ডাকাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা।
