কমলগঞ্জে গলা ফোলা রোগে ১৯টি মহিষের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৩
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে গত কয়েকদিনে গলা ফোলা রোগে কৃষকের ১৯টি মহিষের মৃত্যু হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তায় কোন চিকিত্সা না পেয়ে মহিষের মৃত্যু হয়েছে বলে কৃষকরা অভিযোগ তুলেছেন। কৃষকদের অভিযোগে জানা যায়, গলা ফুলা রোগে আক্রান্ত হয়ে উপজেলার শ্রীসূর্য গ্রামেই গত কয়েকদিনে ১৯টি মহিষের মৃত্যু হয়েছে। গত শনিবার জালাল মিয়ার, শুক্রবার খলিল মিয়ার, বৃহস্পতিবার আকরাম খানের, মঙ্গলবার কয়ছর মিয়ার, সোমবার ময়ুব মিয়াসহ বিভিন্নজনের ১৯টি মহিষ মারা গেছে। আকরাম মিয়া জানান, মহিষের গলা ফুলে পানি ঝরে এবং পেট ফুলে মারা যায়। সকালে রোগের প্রাদুর্ভাব দেখা দিলে বিকালেই মহিষের মৃত্যু ঘটছে। তারা আরও বলেন, গলা ফুলা রোগের বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ বিভাগে যোগাযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। গলা ফুলা রোগে মহিষের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন খলিলুর রহমান বলেন, আসলে রাজনগরের সীমান্তবর্তী এলাকা থাকায় পতনঊষারের শ্রীসূর্য ও বৃন্দাবনপুর গ্রামে এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে তিনি বলেন, এসব এলাকায় কিছুটা ভ্যাকসিন দেয়া হয়েছে।