চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে ওষুধের পরিত্যক্ত কার্টনে থাকা মানুষের দ্বি-খণ্ডিত একটি পা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে পৈলানপুর গ্রামে পা’টি দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আইনগত কোন ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের ছোট বটতলাস্থ চাটমোহর-অষ্টমনিষা সড়কের পাশে একটি ওষুধের কার্টন দেখতে পায় এলাকাবাসী। কৌতূহলী এলাকাবাসী কার্টনটি খুলে পলিথিনে মোড়ানো দ্বি-খণ্ডিত পায়ের নিচের অংশ দেখে পুলিশকে খবর দেয়। খণ্ডিত পায়ের একটি আঙ্গুলও কাটা ছিল। কার্টনের গায়ে অপসো স্যালাইন, বরিশাল, বাংলাদেশ লেখা ছিল। কোথা থেকে কার্টনটি এলো তা কেউ বলতে পারেনি। কোন ব্যক্তির পায়ে সেফটি ধরার কারণে পা’টি কেটে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ এ বিষয়ে কোন তদন্ত বা আইনী পদক্ষেপ গ্রহণ করেনি।
ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খণ্ডিত পা হাসপাতাল থেকে নিয়ে যাবার সময় হয়তো ফেলে গেছে কেউ। স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে সেটি পুঁতে ফেলা হয়েছে।
