শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উপজেলার জলবাজার নামক স্থানে সংঘর্ষের কারণে ওই এলাকার কয়েকটি গ্রামে এখনো আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। দু’পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ফলে যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে। ইতিমধ্যে জেলা প্রশাসক মোহা. সারাফত আলি, পুলিশ সুপার মোহা. বশিরউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম জানান- কোন পক্ষই এখনো মামলা দায়ের করেনি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহা. আফাজউদ্দিন জানান, উভয় ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শনিবার সংঘর্ষের ঘটনার নিষ্পত্তি করা হয়েছে। উল্লেখ্য, আ. সোবহানউদ্দিন বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে একটি কলম ভাঙ্গা নিয়ে প্রথমে তাদের দু’জনের কথাকাটি ও মারামারি হলে একপর্যায়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গত ১৭ এপ্রিল সংঘর্ষ হয়। গত ১৯ এপ্রিল ঐ ঘটনার মীমাংসার জন্য দুই গ্রুপ নিয়ে আলোচনায় বসলে মীমাংসা না হয়ে বরং আবারো সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামানোর চেষ্টাকালে শিবগঞ্জ থানার ওসি মোহা. আশিকুর রহমান গুরুতর আহত হন।
