গত দু’দিনে দেশের কয়েকটি স্থানে পৃথক ঘটনায় সাতজনের প্রাণহানির খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা।
মুন্সীগঞ্জে নববধূর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম জেলেপাড়া গ্রামে স্বামী বিশ্বজিত্ বর্মনের বসতঘর থেকে রবিবার দুপুরে ৩ মাসের নববধূ শিলা বর্মনের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরায় গৃহবধূর লাশ
গায়েবের চেষ্টা
সাতক্ষীরার কালিগঞ্জের পূর্বনারায়নপুর গ্রামে টাকার দাবিতে রুবিনা আক্তার (২৫) নামক এক গৃহবধূকে শনিবার রাতে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।
কালিগঞ্জ থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, রুবিনা আক্তারের স্বামী আহসানুল্লাহ’র চাকরির সুবাধে খুলনার ফুলতলায় থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে। খবর পেয়ে ২য় স্ত্রীকে তালাক দেয়ার জন্য রুবিনা চাপ সৃষ্টি করে। এ জন্য স্বামী আহসান উল্লাহ বউ ছাড়ানোর জন্য রুবিনার কাছে টাকা দাবি করে। রুবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার গভীর রাতে স্বামী ও শাশুড়ি মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের একটি গর্ত খুঁড়ে লাশ গায়েবের চেষ্টা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডোমারে বাঁশ কাটা নিয়ে
১ জন খুন
নীলফামারীর ডোমার উপজেলায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডোমারের ১ নং ওয়ার্ডের বড়রাউতা গ্রামের নজমুল হক’র সাথে চাঁদ মিয়ার জমিজমার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সকাল ১০ টায় বাড়ির পার্শ্বে চান মিয়া লোকজনসহ বাঁশ কাটতে গেলে নজমুল হকের নাতি সুমন (২৬), সুজন (২৫) বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুমনের মৃত্যু ঘটে এবং সুজনকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
মনিরামপুরে কিশোরী খুন ভগ্নিপতি গ্রেফতার
যশোরের মনিরামপুরে রুমি খাতুন (১৪) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে মামাতো ভগ্নিপতি মনিরুলকে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্র জানা গেছে, পিতৃ-মাতৃহীন কিশোরী রুমি নানার বাড়িতে থাকতো। শুক্রবার ওই গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।
শনিবার রাতে ওই গ্রামের ঈদগাহ সংলগ্ন কাঁঠালবাগানে তার লাশ পাওয়া যায়। মনিরামপুর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, রুমি হত্যার ব্যাপারে তাঁর মামাতো ভগ্নিপতি মনিরুলের অসংলগ্ন কথাবার্তা এবং আত্মহত্যার আলামত না পাওয়ায় মনিরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মুক্তাগাছায় মাদকাসক্তের হাতে স্কুল ছাত্র খুন
ময়মনসিংহের মুক্তাগাছার রামভদ্রপুর গ্রামে সোমবার সকালে এক মাদকাসক্ত যুবক নাইম ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এলাকাবাসী ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ নাইম রামভদ্রপুর গ্রামের আঃ রহিমের ছোট ছেলে এবং লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সোমবার সকাল ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত প্রতিবেশী জাকির হোসেন (২৫) দা দিয়ে কুপিয়ে আহত করে। নাইমকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
নাগেশ্বরীতে মাদকাসক্ত
পিতার হাতে শিশুপুত্র খুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকাসক্ত পাষন্ড পিতা শ্বাসরোধে হত্যা করেছে শিশু পুত্রকে। রবিবার সন্ধ্যায় পৌরসভার বাগডাঙ্গা গুন্ডিরচর গ্রামে ঘটনাটি ঘটেছে। রাতেই হন্তারক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দাম্পত্য কলহে কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনের স্ত্রী রেহেনা বেগম ময়না ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে উপজেলার ভিতরবন্দে তার বাবার বাড়িতে থাকেন। বিকেলে আফজাল হোসেন সেখানে গিয়ে স্ত্রীর কাছ থেকে তার ছোট ছেলে ৭ বছরের শিশু আলমগীরকে জোর করে বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যায় তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে প্লাস্টিক মুড়ে পুঁতে রাখে। রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে হন্তারক পিতা আফজালকে পুলিশ গ্রেফতার করে।
নারায়ণগঞ্জে ইটভাটা
শ্রমিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল বক্তাবলীতে শফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে আহত অবস্থায় শফিকুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু ঘটে।
নিহত শ্রমিক শফিকুল ইসলাম বক্তাবলী এলাকার আসানউল্লার বাড়ির ভাড়াটিয়া দীন ইসলামের ছেলে। নিহতের স্ত্রী সামসুন্নাহার জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামী শফিকুল ইসলামকে অজ্ঞাত পরিচয়ের এক লোক বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল।
