পৃথক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৫
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ৮ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ। সারিয়াকান্দিতে বিজিবি সদস্যের মৃত্যু বগুড়ার সারিয়াকান্দির অন্তারপাড়া গ্রামে গত রবিবার দুপুরে যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে শাহাদত হোসেন (৫৪) নামে এক বিজিবি সদস্য মারা গেছেন। সে গত কয়েক দিন আগে দুই মাসের ছুটিতে বাড়িতে আসে। ঘটনার দিন দুপুরে গ্রামের পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে । বেলকুচিতে শিশুর মৃত্যু সিরাজগঞ্জের বেলকুচিতে গত রবিবার দুপুরে বাসের চাপায় ইয়ামিন (৭) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে মুকুন্দগাতী গ্রামের নুর ইসলামের ছেলে ও দিশারী নুর একাডেমির প্লে-শ্রেণির ছাত্র। স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কলেজ মোড়ে আখী এন্টারপ্রাইজের একটি বাস চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তির পর বিকাল ৪টায় সে মারা যায়। ডুমুরিয়ায় বৃদ্ধ নিহত খুলনার ডুমরিয়া উপজেলার আঙ্গারদোহা এলাকায় গত রবিবার দুপুরে মাহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নওশের আলী দফাদার (৭০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হন। আহতদের মধ্যে চালক নারায়ণ দেবনাথকে ডুমরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহতের স্ত্রী ফতেমা ও পুত্র আক্কাজ আলীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখানে নববধূর আত্মহত্যা মুন্সীগঞ্জের সিরাজদিখানের বরাম জেলেপাড়া গ্রামে গত রবিবার দুপুরে শিলা বর্মন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজদিখান থানার এস আই মোজাম্মেল হোসেন জানান, বিয়ের ৩ মাসের মাথায় পারিবারিক বিষয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিলা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত রবিবার দুপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বেবি আক্তার (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত বেবি আক্তার উপজেলার নূরপুর গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী। আখাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর লাভলী আক্তার জানান, দুর্গাপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ডেমু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে। পরে আখাউড়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চলনবিলে গৃহবধূর আত্মহত্যা সিরাজগঞ্জের চলনবিলে গত রবিবার জমি কেনা নিয়ে প্রতারিত হয়ে রফিকুলের স্ত্রী আলেকজান (৪৫) নমে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, উপজেলার মাধবপুর গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম একই গ্রামের কোরবান আলীর নিকট থেকে পৌনে ৯ শতাংশ জমি ক্রয় বাবদ ১ লাখ ৮৫ হাজার টাকা দেন। কিন্তু কোরবান আলীর অন্য অংশীদার ঐ দাগের জমি অন্য লোকের কাছে বিক্রি করে। ঐ বিষয়ে কোরবান আলীর কাছে বার বার গেলে রফিকুলের ভাইকে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় শোকে রফিকুলের স্ত্রী আলেকজান আত্মহত্যা করেন। গুরুদাসপুরে মা-মেয়ের আত্মহত্যা নাটোরের গুরুদাসপুরের ঝাউপাড়া গ্রামে পিয়ারা খাতুন (৪৫) ও তার ৩ বছরের কন্যা রুমানা বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনা সূত্রে জানা গেছে, প্রথম স্বামী মারা যাওয়ার পর পিয়ারা খাতুন ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে বাবার বাড়িতে ওঠেন। বাবা সমসের আলী ৮ বছর আগে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের খলিলুর রহমানের সাথে পিয়ারার ২য় বিয়ে দেন। নতুন স্বামীর ঘরে সতীনের সাথে কলহ লেগে থাকায় সে শেষ সম্বল ১৩ কাঠার ভিটাবাড়ি তিন লাখ টাকায় বিক্রি করে খলিলকে দেন। ওই টাকায় নিজের নামে জমি কিনে পিয়ারাকে পৃথক বাড়ি করে দেন। তার বাবার টাকায় কেনা জমি খলিলের নিজের নামে রেজিঃ করায় পিয়ারা বেগম ২য় স্বামীর ওপর অভিমান করে শনিবার সকালে প্রথমে শিশু রুমানা এবং পরে নিজে বিষপান করে আত্মহত্যা করে। ওই ঘটনায় পিয়ারা বেগমের বাবা সমসের বাদি হয়ে জামাই খলিলের নামে শনিবার গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন। ওসি মো. ফরিদুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।