বিভিন্নস্থানে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ২০ জন আহতসহ বিভিন্নস্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত ২০ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একটি রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানায় গতকাল সোমবার সকালে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়ি করে কারখানা হতে বের হতে গিয়ে ২০ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। আহতদের মধ্যে সফিকুল, এবায়দুল ও মোস্তফা তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, ফকির অ্যাপারেলসের ডাইং সেকশনে কাপড় শুকানোর স্ট্যান্ডার্ড মেশিন থেকে সকালে অগ্নিকাণ্ডে কাপড় ও মেশিন পুড়ে যায়। তাদের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। নবাবগঞ্জে ১৫ ঘর ভস্মীভূত ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বালুখন্ড গ্রামে গত রবিবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ির ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়। এলাকাবাসী দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আবু বকর সিদ্দিকের বাড়ির বিদ্যুতের তার থেকে আগুন লেগে ১৫টি ঘর, চৈতালি ফসল, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা পুড়ে যায়। মুক্তাগাছায় বসতভিটা পুড়ে গেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পশ্চিম চরপাড়া গ্রামে গত রবিবার দুপুরে অগ্নিকাণ্ডে ১টি বসতঘর পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ছাতকে ৪টি বসতঘর ভস্মীভূত সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ বাগবাড়ি গ্রামে গত রবিবার অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। আগুনে কানু দাস, সুমন দাস ও সলিল দাসের চার বসতঘর পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মালামালসহ ঘরগুলো পুড়ে যায়। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পৌর তহবিল থেকে ৪০ হাজার ও ব্যক্তিগত তহবিল থেকে আরো ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী যৌথভাবে ৮ হাজার ও স্থানীয় ব্যবসায়ী স্বপন পাল ১২ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। ফুলবাড়ীয়ায় বসতঘর ভস্মীভূত ফুলবাড়ীয়া পৌর সদরের গৌরীপুরে গত রবিবার বিকালে পত্রিকা বিক্রেতা দুদু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে রান্নাঘরসহ দু’টি টিনশেডের ঘর পুড়ে গেছে। আগুন নিভাতে দুদু মিয়ার স্ত্রী মমতাজ বিবি আহত হন। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের একটি দল আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।