দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ি দীঘিনালার দুর্গম জারুলছড়ির বাঁশঢালা এলাকায় রবিবার পার্বত্য চট্টগ্রামের দু’টি আঞ্চলিক দল জেএসএস ও ইউপিডিএফ’র মধ্যে বন্দুক যুদ্ধ হয়। রবিবার ভোর থেকে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী উক্ত এলাকা থেকে ১’শ ৬৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। তবে ইউপিডিএফ এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
উপজেলার দুর্গম জারুলছড়ি এলাকায় ভোরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস’র সন্তু লারমা গ্রুপ) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) মধ্যে বন্দুক যুদ্ধ হয়।
এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর খাগড়াছড়ি জেলা দপ্তরের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা, বন্দুক যুদ্ধের খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের কোন সম্পৃক্ত নেই। দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত্ হোসেন জানান, এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফ’র মধ্যে এ বন্দুক যুদ্ধ।
