সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৬
ফরিদপুরের ধোপাডাঙ্গা হাইস্কুল কমিটির নির্বাচন সম্পন্ন ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী ধোপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত নির্বাচনে ৭০৭ জন ভোটারের মধ্যে ৫৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও দাতা সদস্য বাবু যশোদা জীবন দেবনাথের প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দীন। তালায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোঃ মাহবুবুর রহমান তাঁর অফিস কার্যালয়ে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত দু’যুবক হলো তালা উপজেলার জাতপুর গ্রামের আজব আলী বিশ্বাসের পুত্র জাহিদুল ইসলাম (২৬) এবং শুভাষিনী গ্রামের আনার হোসেনের পুত্র মো. সফিকুল ইসলাম (২০)। এর আগে উপজেলার আলাদীপুর গ্রামের এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় পুলিশ তাদেরকে জাতপুর গ্রাম থেকে আটক করে। শিবালয়ে এগ্রোভেট অ্যাসোসিয়েশনের মিলন মেলা শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ শিবালয়, হরিরামপুর, ঘিওর, দৌলতপুর উপজেলা পোল্ট্রি পরিবেশক সমিতির সহযোগিতায় অফিসার্স এসোসিয়েশন অব এগ্রোভেট বৈশাখী মিলন মেলার আয়োজন করে। সংগঠনের সভাপতি আজিম মিয়ার সভাপতিত্বে অনুঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শাহনেওয়াজ আলম। বিশেষ অতিথি ভেটেরিনারি সার্জন ডা:নূরজাহান বেগম। এতে বক্তব্য রাখেন পোল্ট্রি পরিবেশক সমিতির সম্পাদক রথিন সাহা, মাসুদুর রহমান মাসুদ, নূরুজ্জামান রাশেদ, নূরুল ইসলাম মোল্লা, শহিদুল ইসলাম সোহেল প্রমুখ। মুন্সীগঞ্জে থিয়েটার সার্কেলের জাঁকজমক প্রতিষ্ঠাবার্ষিকী মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে নাট্য সংগঠন থিয়েটার সার্কেলের ১৫ বছর পূর্তিতে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ৩০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। গান, নৃত্য, নাট্যাংশ, অভিব্যক্তির মধ্যদিয়ে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজন করা হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। এর আগে শহরে ব্যতিক্রম রিকশা র্যালী বের হয়। এসব আয়োজনে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড আর্শেদউদ্দিন চৌধুরী, পিপি এড.আব্দুল মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল প্রমুখ। রাণীশংকৈলে দুই এমপিকে সংবর্ধনা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় টাউন ক্লাব গত শনিবার সন্ধ্যায় সংরক্ষিত মহিলা- ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা ও ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলীকে সংবর্ধনা দেয়। এ উপলক্ষে ঐ ক্লাব প্রাঙ্গণে সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা ও সাবেক প্রধান শিক্ষক হাজিরউদ্দিন, অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সফিকুল আলম ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান। শ্যামনগরে বনদস্যু মোক্তারুল বাহিনীর সদস্য আটক সাতক্ষীরা প্রতিনিধি\ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরে মুক্তিপণের টাকা আদায়কালে দুই বনদস্যু আটক হয়েছে। গত রবিবার ভোর ৪টার দিকে স্থানীয় জেলেরা তাদেরকে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন জয়াখালী এলাকা থেকে থেকে আটক করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই বনদস্যুকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো: নুরনগর ইউনিয়নের হরিপুর গ্রামের সুজন (২৫) এবং তার ভগ্নিপতি কালিগঞ্জ থানার কদমতলা গ্রামের সবুর (২২)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) মোঃ সগির মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত বনদস্যুরা চাঁদা নেয়ার জন্য জয়াখালী এলাকায় আসে। এ সময় জেলেরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাগুরায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা গত রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের আয়োজনে সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায় এবং নতুন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন, বিদায়ী চেয়ারম্যান আবু নাছির বাবলু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.তানজিরা রহমান, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ। গফরগাঁওয়ে মসজিদ উন্নয়নে ২৭ লক্ষাধিক টাকার অনুদান গফরগাঁওয় (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিশিষ্ট শিল্পপতি মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তার ব্যক্তিগত তহবিল থেকে গত রবিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮৫টি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য প্রতি মসজিদ ১৫ হাজার টাকা করে ২৭ লাখ ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করেন। রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক ঈমাম সমাবেশে মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ও মেডোনা গ্রুপের পরিচালক আশিকুজ্জামান ১৮৫টি মসজিদের ইমামগণের হাতে এ অনুদানের টাকা তুলে দেন। এ সময় জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল করিম, মাওলানা মুঞ্জুরুল হক, মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা আবু সাইফ, মাওলানা শাহজাহান আলীসহ উপজেলার দুই শতাধিক মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান এ জাতীয় দান-অনুদান অব্যাহত রাখার ঘোষণা দেন। গাইবান্ধায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে ধর্মঘট গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সিভিল সার্জন ডা. আহাদ আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে জেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) গত রবিবার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়ার সভাপতি ফুয়াদ আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। বেনাপোলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে শিক্ষক প্রশিক্ষণ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শায় বিষয়ভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমান বিশ্বের সাথে সংগতি রেখে যুগোপযোগী বিষয়ভিত্তিক ইংরেজি বিষয়ের উপর গ্রুপভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করছে শার্শা উপজেলার ৭৫ জন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। শার্শা উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা জিএম লোকমান হোসেন বলেন, ইংরেজি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি তার ব্যবহার নিশ্চিত করার জন্য গ্রুপভিত্তিক সরকারি নির্দেশনা মতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণের সময় বিভিন্ন উন্নত দেশের পাঠদান পদ্ধতির ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক মওকুফকৃত বিদ্যুত্ বিল স্থানীয় বিদ্যুত্ বিভাগ আদায়ের জন্য নোটিস করার প্রতিবাদে গত রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে জানানো হয় রাষ্ট্রীয় সম্মানীভাতা প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্ বিল ২০০০ সাল থেকে সরকার মওকুফ করেছেন। অথচ চাঁপাইনবাবগঞ্জ পিডিবি মুক্তিযোদ্ধাদের বিদ্যুত্ বিল প্রদানের জন্য নোটিস দিয়েছে। এমনকি সংযোগ বিচ্ছিন্ন করার কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনামুল হক ফিটু, জাহানারা বেগম, নিলুফার ইয়াসমিন প্রমুখ। সুজানগরে মহিলা পুলিশের ফাঁদে মোবাইল চোর সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর থানার মহিলা পুলিশের প্রেমালাপের ফাঁদে পড়ে আরিফ প্রামাণিক (২৪) নামে এক মোবাইল চোর গ্রেফতার হয়েছে। সে উপজেলার চরভবানীপুর গ্রামের জোনাই প্রামাণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে। সুজানগর থানা পুলিশ জানায়, উক্ত আরিফ গত বৃহস্পতিবার ভোর রাতে থানা ব্যারাকে ঢুকে চার পুলিশ সদস্যের চারটি মোবাইল ফোন চুরি করে সটকে পড়ে। এ ঘটনার পর পুলিশ চোর ধরতে তত্পর হয়ে উঠে। এরই এক পর্যায়ে থানার একজন মহিলা পুলিশ চুরি হওয়া একটি মোবাইলে ফোন করলে চোর আরিফ তা রিসিভ করে। মহিলা পুলিশ এ সুযোগে তার সাথে প্রেমের অভিনয় করে গত শনিবার তাকে সুজানগর বনবিভাগের পাশে নিয়ে আসে। এ সময় আশপাশে থাকা অন্য পুলিশ সদস্য তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। রংপুরে গ্যাসের দাবিতে নারীদের মিছিল ও সমাবেশ রংপুর প্রতিনিধি \ পাইপ লাইনের মাধ্যমে রংপুর বিভাগে গ্যাস সরবরাহের দাবিতে আগামী ২০ ও ২২ মে’র রোড মার্চ সফল করার লক্ষ্যে গত রবিবার রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের নারী ইউনিট। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দিন আহমেদ ঝন্টু পত্নী রাখসানা আহম্মেদ চায়নার নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সেখানে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম নারী ইউনিটের সভানেত্রী সাহিদা রহমান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক পেরিন আফরোজ বেবি, মহিলা পরিষদ সম্পাদক হাসনা বানু, সদস্য রিক্তা বেগম, সাবেক কাউন্সিলর ফেরদৌসি বেগম, সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের বিভাগীয় নারী ইউনিটের সাধারণ সম্পাদক ডা. নূর ই হাসিন দিশা প্রমুখ। বিশ্বনাথে ক্যান্সার রোগীদের জন্য প্রবাসীর সহায়তা বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ গত রবিবার সিলেটের বিশ্বনাথের এক ক্যান্সার রোগীকে চিকিত্সার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা অনুদান দিয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত শামীম। তিনি সানশাইল মডেল একাডেমি শিমুলতলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। রোজিনা বেগমের পিতা আলকাছ আলীর হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। পরে শিক্ষার মানউন্নয়ন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রকিব আহমদের সভাপতিত্বে ও সংগঠক সুরমান আলী সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া। নড়িয়ায় ডিজিটাল মেলা শুরু নড়িয়া (শরীয়তপুর)সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে জেলা প্রসাশক রাম চন্দ্র দাস মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক ও পৌর মেয়র হায়দার আলী। মৌলভীবাজারে হামদর্দ বিক্রয় কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজার প্রতিনিধি \ হামদর্দ মৌলভীবাজার অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজার সেলস্ চট্টগ্রাম ও সিলেট সেক্টর মোঃ জাফর সাদেক। মৌলভীবাজারে এরিয়া ম্যানেজার মোঃ হাসান ইমাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জোনাল ম্যানেজার হাকীম মোঃ শামছুল আলম। বক্তব্য রাখেন মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান। শ্রীমঙ্গল, কুলাউড়া বড়লেখা শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মালেক (২৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। রবিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ গোলাম মোরশেদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে। ২০০৬ সালের ১৫ এপ্রিল ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের ননদের সাথে ঝগড়ার এক পর্যায়ে হাছেন আলীর পুত্র আব্দুল মালেক তার স্ত্রী শিউলী বেগমকে পিটিয়ে হত্যা করে। শিউলী বেগমের ভাই শহিদার রহমান বাদি হয়ে আব্দুল মালেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর শুনানী শেষে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আব্দুল মালেকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। বিরামপুরে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত্ করেছেন মর্মে বিদ্যালয় সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ২০১৩ সালের জানুয়ারি-জুন পর্বের উপবৃত্তির টাকা বিতরণকালে কয়েকজন ছাত্রছাত্রীকে টাকা না দিয়ে আত্মসাত্ করেছেন। বিদ্যালয় সভাপতি নূর ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের টাকা ফেরত দিতে বললে প্রধান শিক্ষক তার সাথে অশোভন আচরণ করেন। প্রধান শিক্ষক কোমলমতি শিশু শিক্ষার্থীদের উপবৃত্তির প্রায় ২ হাজার টাকা আত্মসাত্ করায় শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, তিনি একজন ব্যতীত সকলের টাকা বিতরণ করেছেন। ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সময় টেলিভিশনে রিপোর্টার রতন সরকারের উপর হামলা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা প্রেসক্লাবে গত রবিবার। এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাংবাদিক মাহাবুর আলম সোহাগ, মামুন অর রশিদ, সৈয়দ আব্দুল করিম, বিপ্লব হোসেন, বুলবুল আহম্মেদ প্রমুখ। বিশ্বনাথে ক্যান্সার রোগীদের জন্য ব্যবসায়ীদের সহায়তা বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ গত রবিবার সিলেটের বিশ্বনাথের এক ক্যান্সার রোগীকে চিকিত্সার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা অনুদান দিয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত শামীম। তিনি সানশাইল মডেল একাডেমি শিমুলতলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। রোজিনা বেগমের পিতা আলকাছ আলীর হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। পরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রকিব আহমদের সভাপতিত্বে ও সংগঠক সুরমান আলী সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া। সিলেটে তিনশ’ টাকা মজুরিসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি সিলেটে অফিস \ তিনশ’ টাকা মজুরি, শ্রম আইন বাস্তবায়নসহ স্থানীয় বিভিন্ন দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংগঠন চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালী কমিটির উদ্যোগে মিছিল ও সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে গত রবিবার। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- চা শ্রমিক নেত্রী রাধামনি মুন্ডা, বিমল গঞ্জু, জয়মন্ত কুর্মি, সুনীল মুধী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা সালেহ। গুরুদাসপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুরুদাসপুর (নাটোর) সংবাদ \ মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ‘রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের’ ৫১ জন কৃতী ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় সাংসদ আব্দুল কুদ্দুস ওই ক্রেস্ট প্রদান করেন। এসময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো. সামছুল হক শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ নেওয়াজ, ওসি মো. ফরিদুল ইসলাম, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামসহ নেতৃস্থানীয়রা। অভয়নগরে রাস্তা সংরক্ষণের দাবিতে মানববন্ধন অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগরে রাস্তা সংরক্ষণের দাবিতে গত রবিবার সকালে মানববন্ধন করেছে উপজেলার কোটা, বাগদাহ্, চলিশিয়া ও দীঘলিয়া গ্রামের বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে এই এলাকাবাসীর চাওয়া দীর্ঘ প্রতীক্ষিত বাগদাহ্-দিঘলীয়া রাস্তাটি মাত্র একমাস আগে পিচের কাজ সমাপ্ত হয়। এ কাজে সরকারের ব্যয় হয় এক কোটি তিপ্পান্ন হাজার টাকা। কিন্তু রাস্তাটি প্রভাবশালীদের হস্তক্ষেপে চলাচলের অনুপোযোগী হওয়ার পথে। প্রভাবশালী মহল বিশেষ করে ইট ভাটার ব্যবসায়ীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে রাস্তার ধারণক্ষমতার অতিরিক্ত ১০ থেকে ১২টি ট্রাকে করে মাটি ও অন্যান্য পণ্য বহন করছে। ফলে একমাস আগে তৈরি করা রাস্তাটি তার স্থায়িত্ব হারাতে বসেছে। এ কারণে এলাকাবাসী এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছে। মনিরামপুরে লোকজ মেলা অনুষ্ঠিত মনিরামপুর (যশোর) সংবাদদাতা \ মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেছেন, লোক মেলার সাথে রয়েছে গ্রামীণ জনগোষ্ঠির কৃষ্টি ও সংস্কৃতির যোগসূত্র। বাংলার হাজার ইতিহাসের সাথে লোকমেলা এবং লোক উত্সবের ধারণা জড়িয়ে আছে। গত রবিবার রাতে উপজেলা রাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত লোক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেকড়ের সন্ধানে সংগঠনের আয়োজনের মিজানুর রহমান মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবুল বাশার, কওছার আলী, অধ্যক্ষ মিলন ঘোষাল, মাস্টার ইউনুচ আলম, মোজাম্মেল হক মেল, ছাত্রনেতা হাবিবুর রহমান রনি, আবু তালহা তালেব প্রমুখ। শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়া শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ৭০টি ইভেন্টে শতাধিক প্রতিযোগীর ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র বসু। বক্তব্য রাখেন সমাজ সেবক আলি বাহাদুর খান, এমরান তালুকদার, জাকির হোসেন মল্লিক, দেলোয়ার হোসেন, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সুকেশ মন্ডল,অর্পন মন্ডল, অর্পনা রানী মন্ডল ও হুমাউন কবির মৃধা প্রমুখ। মালয়েশিয়া নেয়ার দালাল ধরতে গোপালদীতে অ্যাকশন প্ল্যান গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নিরাপদ অভিবাসন ইস্যুতে লোকাল এ্যাকটর ও স্টেকহোল্ডারদের দক্ষতা বৃদ্ধিকল্পে গত রবিবার থেকে আড়াইহাজার উপজেলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, আড়াইহাজার থানার ওসি মো: আলমগীর হোসেন। ওকাপ এর প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওকাপ-এর নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, চেয়ারম্যান শাকিরুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মো: মাসুম বিল্লাহ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও প্রভাষক সামসুল হক প্রমুখ। শিবগঞ্জে বিএনপির সভাপতিসহ ১৮০ জনের বিরুদ্ধে মামলা শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৪৩ শিবগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগে গত রবিবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার সেরাফত আলি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মামলায় অধ্যাপক শাহাজান মিঞাসহ ৩০ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ২ জনের জেল আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে গত রবিবার মাদক সেবনের দায়ে ২ জনের জেল হয়েছে। পুলিশ জানায়, সাজাপ্রাপ্তরা হলেন: উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার আলমগীর হোসেন (২৪) ও পশ্চিম লকু কলোনীর নাছিম (৪০) প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম জেল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। সালথায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড সালথা(ফরিদপুর)সংবাদদাতা\ ফরিদপুরের সালথায় কাগদী সরকারি বাঁওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার দায়ে কবির শেখ (৩০) নামে এক ড্রেজার মালিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাতে এ কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত হলেন: নগরকান্দা উপজেলার পুড়াদাহ গ্রামের বাসিন্দা। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন। সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুল সৈয়দপুর উপজেলায় শীর্ষে সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুল থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি বৃত্তি পরীক্ষায় এই স্কুলটি থেকে ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ২০১৩ সালে বৃত্তি পরীক্ষায় ৩টি শ্রেণির বৃত্তিপ্রাপ্তির দিক থেকে এ প্রতিষ্ঠানটির অবস্থান সৈয়দপুর উপজেলায় শীর্ষে। সেন্ট পল কিন্ডারগার্টেন স্কুলটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। শহরের নতুন বাবুপাড়া এলাকায় অবস্থিত স্কুলটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) লাইফ বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।