যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের গাজীপুরের বিপসট পরিদর্শন

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৯
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি এফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব টম কেলি এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউিট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি গতকাল সোমবার বিপসট-এর কমান্ড্যান্টের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উপর মতবিনিময় করেন। এসময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং বিপসট-এর প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরবর্তীতে তারা বিপসট-এর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। বিপসট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রদানকারী নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যেখানে দেশি এবং বিদেশি শান্তিরক্ষীরা প্রশিক্ষণ নেন।