চেক প্রতারণা মামলা

ডেসটিনি সমন্বয়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:১১
চেক প্রতারণার মামলায় ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক মো. আশরাফুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার এ মামলার ধার্য তারিখে আসামি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আসামির বিরুদ্ধে এ পরোয়ানা জারির নির্দেশ দেন। গত বছরের ১০ অক্টোবর দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর নূরে আলম নোমান সালমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বাদীসহ ১০২ জন সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। গত বছরের ১০ আগস্ট চাকরিচ্যুতদের আংশিক পাওনা পরিশোধের জন্য আসামি প্রতিষ্ঠানটির নামে ৬৪ লাখ ৯৫ হাজার ৭শ’ ৫৮ টাকার একটি চেক দেন। কিন্তু ২৬ আগস্ট চেকটি ব্যাংকে জমা দিলে কর্তৃপক্ষ তা অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যান করে। মানি লন্ডারিং-এর অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত দুই মামলায় প্রধান এ সমন্বয়ক বর্তমানে কারাগারে আছেন।