আজ মঙ্গলবার তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু হবে। রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বর থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সকাল ৮টায় লংমার্চের যাত্রা শুরু হবে। যাত্রা পথে প্রথম পথসভাটি অনুষ্ঠিত হবে কালিয়াকৈর এ সকাল সাড়ে ৯টায়, এরপর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত টাঙ্গাইল বাইপাস মোড়, সাড়ে ১২টায় সিরাজগঞ্জ পদ্মার মোড়, বেলা আড়াইটায় বগুড়ার মাটির ঢালীর মোড়, বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে, বিকেল সাড়ে ৪টায় পলাশবাড়িতে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চ রাতে রংপুর অবস্থান করবে। পরের দিন সকাল ৯টায় পথসভা দিয়ে আবার যাত্রা শুরু করবে। তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে বেলা ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল এক ব্রিফিংয়ে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কর্মদিবস ও যানজটের কথা চিন্তা করে দলের কেন্দ্রিয় কার্যালয়ের পরিবর্তে হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে থেকে শুরু হবে লংমার্চ। কর্মসূচির বিষয়টি ডিএমপি’র কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। এতে বাধা দেওয়ার কিছু নেই। দেশের স্বার্থেই এ কর্মসূচি।
