গুজরাটের ভডোদরা কেন্দ্রে মনোনয়ন পেশের সময় এক চা বিক্রেতাকে প্রস্তাবক করে চমক দিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কিন্তু বেনারসে মোদীর প্রস্তাবক হতে নারাজ কিংবদন্তী সানাই বাদক ওস্তাদ বিসমিল্লা খানের পরিবার। শেষমেশ প্রস্তাবক করা হয় শাস্ত্রীয় গায়ক ছন্নুলাল মিশ্র এবং অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিধর মালব্যকে।
২৪ এপ্রিল বেনারসে মনোনয়ন পেশ করবেন মোদী। সূত্রের খবর, বিজেপির তরফে সেখানে মোদীর প্রস্তাবক করার চেষ্টা হচ্ছিল ভারতরত্ন সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের পুত্রকে। বিসমিল্লা খানের ছেলের দাবি, কিছুদিন আগে এক বিজেপি নেতা তাদের ফোন করে এই কথা বলেন। তবে, সেই প্রস্তাব তারা সরাসরি নাকচ করে দিয়েছেন।
