উদ্ভা ব ন

হাওয়ায় চলবে মোটর সাইকেল!

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৮:৫৯
দেশে এই প্রথম বাতাসচালিত মোটর সাইকেল উদ্ভাবন হয়েছে। কোন ধরনের তেল-গ্যাস ছাড়া চলতে সক্ষম এই মোটর সাইকেল শতভাগ পরিবেশবান্ধব হবে। এ মোটর সাইকেলটি ব্যবহার করতে প্রতি কিলোমিটারে খরচ হবে ৯১ পয়সা। এজন্য কোন ব্যাটারীর প্রয়োজন হবে না। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটর সাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরীব কৃষক সৈয়দ আলীর পুত্র নুরুজ্জামান। কয়েকদিন আগে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানে প্রদর্শনীর মাধ্যমে উদ্ভাবক এ তথ্য জানান। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, নবীগঞ্জ দিনারপুর ফুলতলি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদউদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে বাতাসচালিত মোটর সাইকেল তৈরির কাজ শুরু করেন তিনি। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি সম্ভব হয়েছে। গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন হবে। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি এ মোটর সাইকেলটি আরও উন্নত ও বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।