রবি ও তার জাদুর মূর্তি

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৩
এক দেশে বাস করত এক গরিব লোক, তার নাম ছিল রবি। পাহাড়ের উপত্যকায় একটি গ্রামে ছিল তার বাড়ি। তার কাছে চাল কেনার টাকাও থাকতো না সবসময়। একদিন সে তার পাশের বাড়িতে গিয়ে বলল, ভাই, আমাকে কিছু চাল দেবেন? আমি না খেয়ে আছি! পাশের বাড়ির লোকটি তাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রবি তখন সিদ্ধান্ত নিল সে পাহাড়ে গিয়ে থাকবে, সেখানে সবজি চাষ করবে। রবি পাহাড় বেয়ে উঠতে লাগল। এমন সময় দেখতে পেল, ঝোপের কাছে একটা মূর্তি উল্টে পড়ে আছে। সে কিছুক্ষণ মূর্তিটি নিয়ে নেড়েচেড়ে দেখলো। তারপর সোজা করে ঝোপের কাছেই বসিয়ে দিল। ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত হয়ে রবিও সেখানেই বসে পড়ল। সে মনে মনে খাবারের প্রার্থনা করতে লাগল। সে ভাবতে লাগল কোনভাবে যদি একটু খাবার পাওয়া যেত! অমনি মূর্তিটি নড়ে উঠল। চমকে উঠলো রবি। সে মূর্তিটি হাতে নিয়ে দেখতে লাগলো। একসময় মূর্তির হাতের লাঠিতে নাড়া পড়তেই কোত্থেকে যেন সত্যি সত্যি খাবার এসে উপস্থিত হল। নানা ধরনের খাবার! প্রথমে রবি খুব ভয় পেয়ে গেল কিন্তু চোখের সামনে এতো খাবার দেখে ভয়ের কথা ভুলে খুব খুশি হয়ে উঠল! সে আর সবজি চাষ না করেই খাবার নিয়ে বাড়ি ফিরে গেল। তবে মূর্তিটি পাহাড়েই রেখে এলো। জাদুর মূর্তি পেয়ে রবির কষ্ট কমে গেল। যখন তার খাবারের প্রয়োজন হয়, সে পাহাড়ে গিয়ে মূর্তিটির কাছে খাবার চায়। পরে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই তার দিন কাটতে লাগল। এদিকে রবির পরিবর্তন দেখে পাশের বাড়ির বুবুসা খুব অবাক হলো। সে ভাবতে লাগল, রবির চেহারা-সুরতের এতো পরিবর্তন কি করে হলো? ওকে এখন এতো নাদুস-নুদুস লাগে কেন? কোন কাজ করতে তো দেখি না! তবে খাবার পায় কীভাবে? বুবুসার সন্দেহ হলো। একদিন বুবুসা রবির পিছে পিছে পাহাড়ে গেল, গিয়ে লুকিয়ে দেখল যে রবি একটি মূর্তির কাছে খাবার চাইছে আর মূর্তিটি যাদু দিয়ে খাবার এনে দিচ্ছে। সেদিন শীত পড়াতে রবি শীতের জন্য কাপড়ও চেয়ে নিল। এই দৃশ্য দেখে বুবুসার খুব লোভ হলো! সেও মনে মনে ভাবল, আমারও তো এসব দরকার। রবি চলে যেতেই সে মূর্তির কাছে এসে খাবার ও কাপড় চাইল। কিন্তু মূর্তিটির লাঠি নাড়ানোর সঙ্গে সঙ্গে শুধু কুড়া বের হয়ে এল। এ দেখে বুবুসা ভীষণ রেগে গেল, সে বিষয়টি রাজার কাছে গিয়ে বলল। সে রাজাকে বলল, রবির কাছে একটি জাদুর মূর্তি আছে, সেটা দিয়ে সে আপনার রাজ্য দখল করবে। একথা শুনে রাজাও ভীষণ রেগে গিয়ে তখনই রবিকে ধরে আনতে সৈন্য পাঠালো। রবি উপায়ান্তর না পেয়ে মূর্তিটির কাছে গিয়ে নিজের বিপদের কথা বলল। অমনি মূর্তিটি জাদু দিয়ে হাজার হাজার সৈন্য বানিয়ে দিল। রবি সেই সৈন্যদের নিয়ে রাজার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধে রাজা পরাজিত হলো। রবি তখন ওই দেশের রাজা হয়ে গেল। আর বুবুসাকে জেলে পাঠানো হলো। তখন থেকে রবি আর ওই দেশের মানুষ সুখে-শান্তিতে বাস করতে লাগল। দ্বিতীয় শ্রেণি ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর, ঢাকা।