উত্তরা হাইস্কুল এন্ড কলেজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৩
মুজিবুর রহমান চৌধুরী অনিক, ষষ্ঠ শ্রেণি, সদস্য নম্বর :৩৭২৭ আমি মুজিবুর রহমান চৌধুরী অনিক, উত্তরা হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এই স্কুলটি আমার প্রিয়। ১৯৮৫ সালে স্থাপিত বিদ্যালয়টি ঢাকার বৃহত্তম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এখানে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারেরও বেশি। বর্তমানে আমাদের বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা প্রায় দু’শ’। উত্তরা হাইস্কুল এন্ড কলেজের মূল ভবনটি পাঁচতলা। বর্তমানে কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষের নাম মো. মোয়াজ্জেম হোসেন ভূঞা। তিনি অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। বিদ্যালয়টিতে ক্লাস চলে দু’টি পর্বে। প্রভাতী পর্বে মেয়েরা ও দিবা পর্বে ছেলেরা ক্লাস করে। দু’টি পর্বেই রয়েছে একজন করে সহকারী প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা পাঠ আদান-প্রদান, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, শরীরচর্চাসহ সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমাদের বিদ্যালয়ে রয়েছে নামাজের স্থান, লাইব্রেরি, ক্যান্টিন, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব। এছাড়া রয়েছে একটি স্কাউডেন। বিভিন্ন প্রকার টিকাদান কর্মসূচি ও খেলাধুলায় আহত শিক্ষার্থীদের তাত্ক্ষণিকভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়ে থাকে। আমাদের বিদ্যালয়ে রয়েছে সুন্দর ও বড় একটি খেলার মাঠ। বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয়। লেখাপড়ার দিক দিয়েও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় আমাদের বিদ্যালয় ভালো ফলাফল করে আসছে। পরিচালনা পরিষদের সভাপতি, অধ্যক্ষ, সকল সদস্য ও শিক্ষক এবং সম্মানিত অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় ও সহযোগিতায় বিদ্যালয়টি আজ গৌরব অর্জন করেছে। এত বড় ও সুন্দর বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। তাই আমি বলতে পারি আমার বিদ্যালয় আমার গর্ব।