তোমাদের চিঠি থেকে

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৪
প্রিয় কচি-কাঁচার বন্ধুরা, বসন্ত বলে যাই যাই, গ্রীষ্ম বলে আসি। এরই মাঝে নববর্ষ ১৪২১ এসেছে। দারুণ তাপদাহ আর হঠাত্ দমকা হাওয়া আর ঝড়ে! তার মধ্যদিয়েও উঁকি দিচ্ছে নতুনের আলো আর উচ্ছ্বাস। দীর্ঘদিন আসরে লেখা হয়ে ওঠেনি লেখা-পড়া নিয়ে ব্যস্ত থাকায়। গত ২ এপ্রিল ২০১৪ আসরের জন্মদিনে ‘কচি-কাঁচার আসর: পুরনো সেই দিনের কথা’- শীর্ষক প্রবন্ধটি পড়ে খুব ভালো লেগেছে। ভাইয়া যে সেখানটায় আমাকেও স্থান করে দিয়েছে সত্যি এটা আমার কাছে অবাক হবার কথা। হ্যাঁ বন্ধুরা কচি-কাঁচার আসর যে আমাদের জন্য সাহিত্য সংস্কৃতি চর্চার উদার দরজা খুলে রেখেছে সেই ৫৯ বছর ধরে, তা অনস্বীকার্য। আমরা কখনো ভুলব না ইতিহাসের সেই নির্ভীক কলম সৈনিক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে। হ্াজারো যুগের বাঙালি সভ্যতায় যেন পথ দেখাক এই পত্রিকাটি। সবার শুভ কামনায় আসরের বন্ধু— মীর রবিউল ইসলাম রবি সদস্য নম্বর: ১৬২৫, রংপুর। কচি-কাঁচার আসরের প্রিয় শিশু-কিশোর বন্ধুরা, তোমাদের জানাই অশেষ শুভেচ্ছা। আমি দৈনিক ইত্তেফাকের একজন নিয়মিত পাঠক। আর প্রতি বুধবার পত্রিকা হাতে আসলে যেটি আগে পড়ি তা হলো কচি-কাঁচার আসরের পাতা। এটি পড়লে যেন মনে এক ধরনের আনন্দ জাগে। কিন্তু দুঃখের বিষয় আমি কচি-কাঁচার আসরের সদস্য হতে পারিনি। খুব শিগগিরই আসরের সদস্য ফরম পূরণ করে পাঠাবো। আশা করি আমাকে সদস্য করে নেওয়া হবে। আমি আসরে নিয়মিত গল্প, কবিতা ও ছড়া লিখে পাঠাবো। গত ২ এপ্রিল ছিল কচি-কাঁচার আসরের ৫৯তম জন্মদিন। এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে। শিশু-কিশোর ও পাঠকের রক্তিম ভালবাসায় কচি-কাঁচার আসরের সাফল্য কামনা করি। মো. ইলিয়াছ আলম সুমন সন্দ্বীপ, চট্টগ্রাম।