ডিএসই’র লেনদেন কমেছে ১৫ ভাগ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:০৯
শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৯১ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ ভাগ কম। এদিকে বেশিরভাগ কোম্পানির দর বাড়ায় সূচক বাড়লেও বড় মূলধনী কোম্পানিগুলোর দর সংশোধন হয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৩২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৮৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের ভবন ভাড়ার ব্যয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সাময়িকভাবে নিজস্ব খাত থেকে বরাদ্দের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আইন ও বিচার বিভাগের বাজেটে বিশেষ ট্রাইব্যুনাল পরিচালনার ব্যয় বাবদ অর্থ বরাদ্দ রাখা হলে তখন বিএসইসিকে এ ভাড়া বহন করবে হবে না। এর আগে বিএসইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অর্থ বরাদ্দের উত্স জানতে চেয়ে চিঠি দেয়া হয়।