ইয়েমেনে ড্রোন হামলায় ৫৫ আল কায়েদা নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:১৩
ইয়েমেনে ড্রোন হামলায় ৫৫ জন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল কায়েদা শীর্ষ পর্যায়ের তিন নেতা রয়েছে। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার থেকে সোমবার পর্যন্ত মার্কিন বাহিনীর সাথে যৌথভাবে পরিচালিত কয়েকটি ড্রোন অভিযানে ৫৫ জন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে অবস্থিত আল কায়েদার একটি প্রশিক্ষণ ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। নিহতদের মধ্যে শীর্ষ তিন আল কায়েদা নেতা রয়েছে। বাকিদের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ অভিযান ছিল সত্যিই অভূতপূর্ব। সাবওয়া প্রদেশ এবং আল বায়েদা প্রদেশের মধ্যবর্তী মাফাদ পর্বতাঞ্চলের আল কায়েদা ঘাঁটি উড়িয়ে দেয়া হয়েছে। ঐ কর্মকর্তা বলেন, রবিবার মধ্যরাতের পরই ড্রোন হামলা শুরু করা হয়। সাবওয়া প্রদেশের জঙ্গি অধ্যুষিত এলাকায় আল কায়েদা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তিনজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থাকে জানিয়েছে, গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহতদের অগ্নিদগ্ধ লাশও দেখেছেন তারা। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি হেলিকপ্টারে করে তাদের দেহাবশেষ নিয়ে যায়। নিহতদের মধ্যে একজন শীর্ষ আল কায়েদা নেতা রয়েছেন বলে তারা জানিয়েছে।