গোপালগঞ্জে মান্নান খান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বিক্ষুব্ধরা।
মানববন্ধনে ব্যবসায়ী কাবির হোসেন খান, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান বাটু খান, ইকবাল কাজী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে মান্নানের লাশ নিয়ে গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল করেন। গত ১৪ এপ্রিল সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকদের সংঘর্ষে মান্নান খান টেটাবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে গত সোমবার মারা যান।
গোপালগঞ্জ থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এলাকার পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
