পৃথক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২১
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ৮ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বাগেরহাটে পিতা-পুত্র নিহত বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় গত সোমবার বিকালে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা আল মামুন মোল্লা (৪১) ও পুত্র মোল্লা মারুফ হাসান নিহত এবং নিহতের স্ত্রী নাহার বেগম (৩৫) আহত হয়েছেন। আহত নাহার বেগমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলান্দহে স্কুল শিক্ষকের মৃত্যু জামালপুরের মেলান্দহে গত সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান লেবু তালুকদার (৩৮) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। মনিরুজ্জামান লেবু টনকি ব্লু-বার্ড কেজি স্কুল ছুটির পর মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। জামালপুর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। ফেনীতে যুবদল নেতা নিহত ফেনী সদরের কাশিমপুর এলাকায় গত সোমবার ভোরে ট্রাকের চাপায় একরামুল হক বাদশা (৩৪) নামে যুবদলের এক নেতা নিহত ও ৩ জন আহত হয়েছেন। একরামুল হক বাদশাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। নিহত একরামুল হক দাগনভূঞা উপজেলার নন্দীগাঁও গ্রামের এবাদুল হকের ছেলে। তিনি একই ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন। মীর্জাগঞ্জে বৃদ্ধ নিহত পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় গত সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় আতাহার মাঝি (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। জানা যায়, রাস্তা পারাপারের সময় সে গুরুতর আহত হলে তাকে প্রথমে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। কলমাকান্দায় শিশু নিহত নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় নসিমনের চাপায় গত সোমবার বিকালে রানা (৭) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার রহিমপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে এবং রহিমপুর মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। জানা গেছে, রানা মাদ্রাসা শেষে বাড়ি ফেরার সময় নসিমন তাকে চাপা দেয়। তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। ধামরাইয়ে ছিনতাইকারী নিহত ধামরাইয়ের সোমভাগ কাউন্সিল এলাকায় সোমবার রাতে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে লিটন নামে এক ছিনতাইকারী নিহত ও আসাদুজ্জামান জুয়েল নামে একজন আহত হন। সোহেল নামে এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম। জানা যায়, উপজেলার দেপাশাই গ্রামের ব্যবসায়ী শাহজাহানের পুত্র মোবারক হোসেনের মোটরসাইকেলটি ধামরাই থেকে ছিনতাই করে ছিনতাইকারীরা ধামরাই কালামপুর রাস্তার পশ্চিম দিক দিয়ে রওনা হলে মোবারক মোবাইল ফোনে ঘটনাটি এলাকাবাসীকে জানিয়ে দেয়। এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তাদের ধাওয়া করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। মণিরামপুরে গ্রামীণফোনের সেলসম্যান নিহত যশোরের মণিরামপুরে গতকাল মঙ্গলবার দুপুরে মাটি ভর্তি ট্রাক চাপায় খোরশেদ আলম (২৮) নামে গ্রামীণফোনের এক সেলসম্যান নিহত ও লিটু হোসেন নামের আরেক সেলসম্যান আহত হয়েছেন। স্থানীয়রা জানান, খোরশেদ আলম ও সহকর্মী লিটু হোসেনকে নিয়ে মোটরসাইকেলে মণিরামপুরে আসার পথে ট্রাকটি তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।