গাজীপুরে যৌতুকের বলি গৃহবধূ রেখা

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২১
গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা দায়েরের ৪ দিন পার হলেও এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালে তারগাছ এলাকার জামাল উদ্দিনের সঙ্গে চাঁদপুরের মতলব থানার পুটিয়া গ্রামের আলী আশরাফের মেয়ে রেখা বেগমের বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্বামী জামাল উদ্দিন স্ত্রী রেখা বেগমকে যৌতুকের জন্য মারধোরসহ নানাভাবে নির্যাতন করতো। মেয়ের সুখের কথা ভেবে জামাল উদ্দিনকে ব্যবসার জন্য বিভিন্ন সময়ে টাকা দেয়া হলেও পুনরায় এক লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করায় রেখা বেগমকে গত ১৭ এপ্রিল বিকালে স্বামী জামাল উদ্দিনের বাড়িতে বেধড়ক মারধোর করে। এতে সাত মাসের অন্তসত্ত্বা গৃহবধূ রেখা বেগম (২২) গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে গৃহবধূর আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহত রেখা বেগমের মা সেলিনা বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী জামাল উদ্দিনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পর দিন মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, আলমগীর হোসেন নামে এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।