দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুইদিনে নয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মিরসরাইয়ে পুত্রের হাতে
পিতা খুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার গজারিয়া গ্রামে গত সোমবার দুপুরে মানসিক ভারসাম্যহীন পুত্র জয়নাল আবেদীনের (২৩) হাতে খুন হয়েছেন পিতা আবুল বশর (৫৫)।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন জয়নাল আবেদীনকে পিতা আবুল বশর শিকল দিয়ে বেঁধে রাখতেন। ঘটনার দিন জয়নাল আবেদীন হঠাত্ শিকল ছিঁড়ে তার পিতা আবুল বশরকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বিজয়নগরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আমীর হোসেন (২৪) চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিয়া চাঁন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, ধান উঠানে দেয়াকে কেন্দ্র করে গত শুক্রবার চরইসলামপুর গ্রামের আফজু মিয়া ও মিজান মিয়ার মধ্যে ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আফজু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা আমীর হোসেন গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোদাগাড়ীতে ভারসাম্যহীন ব্যক্তি খুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে গত সোমবার রাতে চোর সন্দেহে খাইরুল ইসলাম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্তরা। নিহত খাইরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মংলু হোসেনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাঁন্দলাই গ্রামের মাঠে একটি বাগান বাড়িতে চারজন যুবক মদ্যপান করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীন খাইরুলের সাথে এক মাদকাসক্তের কথা কাটাকাটি হয়। এরপর মাদকাসক্ত যুবকরা খাইরুলকে চোর বলে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ভাঙ্গায় ডাকাতকে পিটিয়ে হত্যা
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোলাপুর গ্রামে গত সোমবার সকালে সুদের টাকা চাওয়াতে সম্রাট ডাকাত (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা। এ ব্যাপারে থানায় নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। রাশিদা বেগম জানান, মালেক মাতুব্বর ও আকবরের নিকট ৯ লাখ টাকার মাসিক সুদ চাওয়াতে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আন্তঃজেলা ডাকাত সর্দার সম্রাটের সাথে তার চাচা মালেক মাতুব্বর ও চাচাতো ভাই আকবরের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মালেক মাতুব্বর, আকবর মাতুব্বর, ফারুক মাতুব্বর ও কুটি মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সম্রাটকে কুপিয় ও পিটিয়ে হত্যা করে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ, ভাঙ্গা থানাসহ বেশ কয়েকটি থানায় ডাকাতি মামলা রয়েছে। নিহত সম্রাট ও চাচা মালেক মাতুব্বর এবং ছেলেরা সবাই ডাকাতি পেশার সাথে জড়িত। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে বলে তাদের ধারণা।
মানিকগঞ্জে আহত
নারীর মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড গ্রামে গত সোমবার মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে আহত শাশুড়ি নাজমা বেগম (৪০) নামে এক নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
আট মাস আগে উর্মি ও রোমানের সাথে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকাসহ মোটরসাইকেল যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে তারা প্রায়ই উর্মিকে নির্যাতন করতো। এ বিষয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকেও কোন সমাধান না হওয়ায় উর্মি বাবার বাড়ি চলে আসে। এক পর্যায়ে রোমানের কাছে উর্মি একতরফা তালাকের নোটিস পাঠায়। এতে রোমান ক্ষিপ্ত হয়ে গত শনিবার ছোরা হাতে শ্বশুর বাড়ি এসে উর্মিকে খোঁজাখুঁজি করে। এ সময় উর্মির মা নাজমা বেগম এগিয়ে এলে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় রোমান। তাকে প্রথমে মানিকগঞ্জ হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
খুলনায় শ্যালকের হাতে ভগ্নিপতি খুন
খুলনার রূপসা উপজেলার শিরগাতি গ্রামে গত সোমবার শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি মনিরুজ্জামান গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, মনিরুজ্জামান গাজী একই গ্রামে তার শ্যালক আবু সালেহের বাড়িতে গিয়ে তার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় আবু সালেহ তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ব্যাপারে রূপসা থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকারী পলাতক রয়েছে।
রাজবাড়ীতে একজন খুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় গত সোমবার প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আলী (৩০) নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
থানার এসআই ইলিয়াছ হোসেন জানান, এ ঘটনায় টব মল্লিক বাদী হয়ে বালিয়াকান্দি থানায় আরিফ কাজী, রুবেল, রোকন কাজী, নুরনবী কাজী ও আলমকে আসামি করে মামলা করেন। এজাহারভুক্ত আরিফ ও রোকনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জে এক গৃহবধূর
লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আইড়ামারী মাঠের ভুট্টার ক্ষেত থেকে গত সোমবার দুপুরে মনিরা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। শিবগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখে রক্তের দাগ ছিল।
সিরাজদিখানে লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় গত সোমবার দুপুরে ধানের জমি থেকে অজ্ঞাত পরিচয় (৫২) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সিরাজদিখান থানার এসআই মোন্নাফ জানান, লাশের ধরন দেখে মনে হচ্ছে প্রায় ৩/৪ দিন পূর্বে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
