সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে একদল ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ইকোপার্কে আগুন দিলে পুলিশ ২১ জন কর্মীকে অস্ত্রসহ আটক করেছে এবং রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার বিকাল ৪টায় যুবলীগ-ছাত্রলীগের ৩০/৩৫ জনের সশস্ত্র একটি গ্রুপ ভাটেরখিল এলাকায় একটি মত্স্য প্রজেক্ট দখল করতে ব্যর্থ হয়ে তারা আল-আমীন হোটেলে দুপুরের খাবার সেরে ইকোপার্ক এলাকায় প্রবেশ করে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং দোকানে লাগানো আগুনের লেলিয়ান বনায়নে লেগে বিশাল জায়গা পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক ইকোপার্কে বিশৃঙ্খলা করেছে বিধায় তাদেরকে আটক করে কোটে চালান দেয়া হয়। এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ ফখরুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এবং অল্পের জন্য রক্ষা পায় বিমান বাহিনীর টাওয়ার। আটককৃতরা হলো— যুবলীগের শাহদাত হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, ছাত্রলীগের জনি, শুভ, বাহারউদ্দিন, মাহফুজ, জামশেদ উদ্দিনসহ ২১ জন। এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫টি সিএনজি টেক্সি আটক করে।
