সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২৩
ঠাকুরগাঁওয়ে আখ চাষিদের বিক্ষোভ ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে আখের বকেয়া মূল্য পরিশোধ, মূল্য বৃদ্ধি, সঠিক ওজন, মানসম্মত সার ও কীটনাশক প্রদানসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা আখ চাষি সমিতি। রবিবার দুপুরে আখ চাষিরা পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। এ সময় কেন্দ্রীয় আখ চাষি কমিটির সভাপতি রুহুল আমিন, আখ চাষি সমিতির উপদেষ্টা পৌর মেয়র এসএমএ মঈন, সহ-সভাপতি সালেকুল হক টুলু, সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ সমিতির নেতারা বক্তব্য রাখেন। দৌলতপুরে মেলায় নগ্ননৃত্য প্রদর্শনের দায়ে জেল দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর এলাকায় বৈশাখী মেলার নামে নগ্ননৃত্য প্রদর্শনের দায়ে ৫ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, শ্যামপুর ত্রিমোহীনী বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বৈশাখী মেলার আয়োজন করে। দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী মেলাটি উদ্বোধন করেন। গত সোমবার রাত আড়াইটার দিকে মেলায় পুতুল নাচের নামে মেয়েদের নগ্ননৃত্য প্রদর্শনের খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকতার হোসেন সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগ্ননৃত্য প্রদর্শনের আয়োজনকারী আ’লীগ ও ছাত্রলীগ নেতা তন্ময়, মামুন রেজা, আশিকুল ইসলাম ও জয়নাল আবেদীনকে একমাস করে জেল প্রদান করেন এবং ইসমাইল হোসেনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। কুমিল্লায় সওজ ঠিকাদারদের বিক্ষোভ মিছিল-সমাবেশ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) ঠিকাদার কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করেন ঠিকাদাররা। কাজের বকেয়া ৩৫ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে নগরীর শাকতলাস্থ সওজ কার্যালয় ক্যাম্পাসে ১৫ দিনেরও বেশি সময় ধরে অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালনের কারণে এ সড়ক ভবনের স্বাভাবিক কার্যক্রম অনেকটা অচল হয়ে পড়েছে। এতে বক্তব্য রাখেন ঠিকাদার নেতা ইমামুজ্জামান চৌধুরী শামীম, মনির উদ্দিন রমিজ, সিটি কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, আবুল বাসার, খালেদুর রহমান চঞ্চল প্রমুখ। নাসিরনগরে আশার প্রশিক্ষণ কর্মশালা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলার আশার পরিচালিত ব্রাঞ্চসমূহের দলনেত্রীদের জন্য প্রথমবারের মত নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রী ও ম্যানেজারদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট আশার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার চাতলপাড় ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার চাতলপাড় আশার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার কবির আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় ২৫টি সমিতির দলনেত্রী অংশগ্রহণ করেন। বাংলাদেশের ভূমি দাবির প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ টাঙ্গাইল প্রতিনিধি \ বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি ছেড়ে দেয়ার জন্য ভারতের বিজেপি নেতা শুব্রামানিয়াম স্বামীর দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। গত সোমবার সন্ধ্যায় তাদের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বীরপ্রতীক, দলের জেলা শাখার সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রফিক। ঢাকা থেকে চুরি হওয়া প্রাইভেট কার আটঘরিয়ায় উদ্ধার আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা \ ঢাকা থেকে চুরি হওয়ায় একটি প্রাইভেট কার পাবনার আটঘরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ সময় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আটঘরিয়ার উত্তচক গ্রামের জিন্নু ও আটঘরিয়ার অভিরামপুর গ্রামের দিলীপ। আটঘরিয়া থানার এসআই আবু তাহের জানান, ঢাকা থেকে চুরি যাওয়া রমনা থানায় দায়ের করা মামলায় ওই কারটির সন্ধানে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সাদা রঙের প্রাইভেট কারসহ ওই দু’জনকে গ্রেফতার করে। সুনামগঞ্জে পূবালী ব্যাংকের এসএমই সেমিনার সুনামগঞ্জ প্রতিনিধি \ পূবালী ব্যাংক লিমিটেডের এসএমই বিষয় সেমিনার ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ব্যাংকের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার পালের সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর প্রমুখ। সাতক্ষীরায় ঋণ খেলাপীর অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় ৬ লাখ টাকা ঋণ খেলাপীর অভিযোগে গত সোমবার ভোরে এজাজ আহমেদ জজ নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ‘জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে এজাজ আহমেদ রব তার সিএন্ডএফ ব্যবসা সমপ্রসারণের লক্ষ্যে ৬ লাখ ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ১ বছর মেয়াদে গত ৫/৭/২০১১ তারিখে উক্ত টাকা গ্রহণ করেন কিন্তু একের পর এক ঋণ খেলাপীর পরেও বিভিন্ন সময়ে তিনি সর্বমোট ৩৫ হাজার টাকা প্রদান করেন। বকেয়া ৫ লাখ ৯৫ হাজার টাকা ঋণ খেলাপীর দায়ে আদালতে দায়ের করা অর্থ ঋণ মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাইবান্ধায় সেচ পাম্প মালিকদের সড়ক অবরোধ গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় বিদ্যুতের লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি এবং ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিন মাইল এলাকায় সেচ পাম্প মালিক ও কৃষকরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে মালিক কৃষকরা বলেন, সেচ মৌসুমের জরুরি সময় গাইবান্ধায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং কৃষকদের চরম বিপাকে ফেলেছে। পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নবীনগর বিএনপির সাধারণ সম্পাদকে বহিষ্কার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো: মিয়া’র বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে গত সোমবার বিক্ষোভ মিছিল, পথসভা ও প্রতিবাদ সমাবেশ করে। বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ইনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মান্নান চৌধুরী, ওবায়দুল হক লিটন, ছাদিকুল হক ছাদির, হাবিবুর রহমান, আব্দুস ছাত্তার, মাসুদ রানা, কাজী সুমন প্রমুখ। সুন্দরগঞ্জে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়নি সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়নি। জানা গেছে, সরকার সরাসরি কৃষকের নিকট থেকে গম ক্রয় করার কথা থাকলেও এখন পর্যন্ত সংগ্রহ অভিযান শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় এ বছর ৫শ’ ১মেঃ টন গম সরকারিভাবে ক্রয় করা হবে। প্রতি কেজি ২৭ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষক তাদের উত্পাদিত গম ফড়িয়াদের নিকট কম দামে বিক্রি করছে। টেকেরহাটে ৭টি অস্ত্রসহ কালু ডাকাত গ্রেফতার টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার ভোর রাতে ৫ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ও ভয়ংকর কালু ডাকাত ওরফে হুমায়ন খাঁকে তার নিজ বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানান, ভয়ংকর এ কালু ডাকাত দীর্ঘদিন যাবত্ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।রাজৈর, মাদারীপুর, গোপালগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭ টি ডাকাতি ও অস্ত্র মামলা আছে এবং এর মধ্যে ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট জারি আছে । আক্কেলপুর থানায় পল্লীশ্রীর মতবিনিময় সভা আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুর থানায় বেসরকারি সেবামূলক সংস্থা পল্লীশ্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় পল্লীশ্রীর নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যোগ প্রকল্পের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে থানার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক প্রধান। বক্তব্য রাখেন পল্লীশ্রীর কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কিরণ কুমার দাস, উপ-পরিদর্শক (এস আই) আরিফুল ইসলাম প্রমুখ। বটিয়াঘাটায় সুন্দরী প্রকল্পের দুর্যোগ বিষয়ক মহড়া বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় জাগ্রত যুবসংঘের আয়োজনে দুর্যোগ বিষয়ক এক মহড়া গত সোমবার বিকেলে উপজেলার কায়েমখোলা হুলো প্রাথামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় মহড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আবুদাউদ ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দরী প্রকল্পের ব্যবস্থাপক আদিল উদ্দিনের ব্যবস্থাপনায় মহড়ার মাধ্যমে দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী অবস্থাসমূহ প্রদর্শন করা হয়। মাধবপুরে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহেল হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মঘর কলেজ ও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত সোমবার দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মঘর ডিগ্রী কলেজ, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বামনায় উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু শপথ গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. গাউস। লালমনিরহাটে তথ্য অধিকার কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাট প্রতিনিধি \ তথ্য অধিকার আইন বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা হয়েছে। তথ্য কমিশনের আয়োজনে সদর উপজেলা প্রশাসন আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক প্রশাসন তথ্য কমিশন মোঃ আব্দুল করিম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মমিনুল হক। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা। মুক্তাগাছায় যুব সংহতির কমিটি গঠন মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির এক কর্মী সমাবেশ প্রাথমিক শিক্ষক সমিতির সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শামসুল আলম শওকতকে আহবায়ক করে উপজেলা যুব সংহতির ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকালে শামসুল আলম শওকতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপা’র আহবায়ক মোঃ সামসুদ্দিন মাস্টার, জেলা জাপা’র নেতা শাহজাহান খান, জেলা যুব সংহতির সভাপতি স্বপন মন্ডল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হারুন, উপজেলা জাপা নেতা আমজাদ হোসেন প্রমুখ। মংলায় কস্তুরীসহ দুই পাচারকারী আটক মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ মংলায় কস্তুরী (হরিণের নাভীতে সৃষ্ট সুগন্ধী) বেচা-কেনা ও পাচারের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক মনজুর এলাহী জানান, ‘কস্তুরী’ নামক সুগন্ধী তৈরিতে ব্যবহূত মৃগ নাভী কস্তুরী বেচা-কেনার সময় মংলার স্থায়ী বন্দরের বালুরমাঠ এলাকা থেকে সোমবার রাতে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বালুরমাঠ এলাকার আবুল হোসেন ও খুলনার বটিয়াঘাটা এলাকার সাইদ শেখ। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ফরিদপুর প্রতিনিধি \ গত সোমবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলীতে টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান খোকন, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ ইসলাম প্রমুখ। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা বাস শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জের ধরে ২য় দিনের মত গোপালগঞ্জের সাথে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, সমপ্রতি ফরিদপুর মটর শ্রমিকের এক নেতার সাথে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিকের এক নেতার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত রবিবার ও সোমবার ফরিদপুর মটর শ্রমিক সংগঠনের শ্রমিকরা গোপালগঞ্জের ২০/২৫ জন শ্রমিককে ফরিদপুরের ভাঙ্গা পয়েন্টে মারপিট করে এবং সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। এ কারণে গোপালগঞ্জের সাথে সরাসরি ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। চাটমোহরের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের কক্ষে তালা ঝুলিয়ে দেয় গভর্নিং বডির সদস্যসহ এলাকাবাসী। এ সময় অধ্যক্ষকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়। কলেজ সূত্র জানায়, আব্দুল হামিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পরই নিয়োগ বাণিজ্যে মেতে ওঠে। এ নিয়ে গত ১/৪/১৪ তারিখে গভর্নিং বডির সভায় আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আব্দুল হামিদ কৌশলে পাবনায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে কলেজের শিক্ষকের তিন পদে নিয়োগ দেন। সিংড়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়াল হোসেন টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুল মালেক মন্ডল, লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করে শ্রেষ্ঠ বক্তা ফাওজিয়া ফারিহা মাহি, বিজয়ী দলের নেতা রমিজুল ইসলাম ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও কৃষি উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলহার গ্রামে আদিবাসী ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের মাঝে কৃষি উপকরণ হিসাবে ২টি পাওয়ার টিলার ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে গত সোমবার । রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, উপজেলা কৃষি অফিসার ড. এম আজিজুর রহমান, আদিবাসী স্কুল শিক্ষক শ্যাম টুডু প্রমুখ। দর্শনার আখচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ আখের বকেয়া মূল্য পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গার দর্শনার আখচাষিরা গত রবিবার। স্মারকলিপিতে আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধ, চিনি অবিক্রীত থাকার স্থায়ী সমাধান ও আখের মূল্যবৃদ্ধিসহ ১১ দফা দাবি জানানো হয়। বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে আখচাষি নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান, দর্শনা কেরু চিনিকলের আখচাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা আকমত আলী, সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ওমর আলী, সহ-সম্পাদক আব্দুল বারি প্রমুখ। মেলান্দহে মা সমাবেশ ও খেলোয়াড়দের সংবর্ধনা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহ বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসএমসির সভাপতি মইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সহকারি শিক্ষা অফিসার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাফুর রহমান, বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মফিজ উদ্দিন, শিক্ষা কমিটির সদস্য আ: মজিদ বিএসসি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান উল মাওলা, ঘোষেরপাড়া সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। রায়গঞ্জে শাহ আলমের খুনিদের ফাঁসির দাবি রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে ভাড়ায় মোটর সাইকেল চালক শাহ আলমের খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তাকে খুন করে মোটর সাইকেল ছিনতাই করেছে ৩ সন্ত্রাসী। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির দাবিতে গত সোমবার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। ঘন্টাব্যাপী অবরোধে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের শিঘ্র গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে জনতা অবরোধ তুলে নেয়। নিহত শাহ আলম (২৫) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের কৃষক মোজাহার আলীর একমাত্র পুত্র। কুমিল্লায় এক রাতে ৩ পরিবারে ডাকাতি কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় প্রবাসীর বাড়ির ৩ পরিবারে দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নারী-পুরুষসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী গ্রামের মমিনুল হক নামের একজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ১০/১২জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল জহিরের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও প্রবাসী জহিরের মায়ের গলা ও কান থেকে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। নাসিরনগরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মরুিজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মল্ডল, ওসি আবদুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ।