‘জীবনে শিক্ষা গ্রহণের শেষ নেই, প্রশিক্ষণ কর্মজীবনকে শাণিত করে’ বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন ঝিনাইদহ জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসস’র সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল।
প্রধান অতিথি বলেন, প্রিন্ট মিডিয়ার চেয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব অনেক বেশি। কারণ এ মিডিয়া কান ও চোখকে আকর্ষণ করে। এ কারণে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেশি সচেতন হতে হয়। তিনি বলেন, ‘আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় কিছু শব্দের উচ্চারণ ও ভাষাগত ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন হওয়া দরকার।’ তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণে ঝিনাইদহ জেলার ২৭ জন সাংবাদিক অংশ নেন। -প্রেস বিজ্ঞপ্তি
