কাফরুল ও পল্লবীতে দুইজন অপহরণ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫২
রাজধানীর কাফরুল ও পল্লবীতে ব্যবসায়ীসহ দুই ব্যক্তি অপহূত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে কাফরুলের অপূর্ব ক্লাবের সামনে থেকে ডিশ অ্যান্টেনা ব্যবসায়ী হাজী মো. ওয়ালীউল্লাহ (৪০) অপহূত হন। পল্লবীর বি-ব্লকের ৯ নম্বর রোডের একটি বাড়ির সামনে থেকে অপহূত হয়েছেন সেলিম রেজা পিন্টু (৩০)। পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত দশটার দিক দুর্বৃত্তরা ডিশ ব্যবসায়ী হাজী মো. ওয়ালীউল্লাহ (৪০) কে অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিশ ঘন্টা পরও স্বজনরা জানতে পারেনি তার অবস্থান। এ ঘটনায় গতকাল কাফরুল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। মিরপুর-১৩ সেকশনের বি ব্লকের ৯ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়িতে ওয়ালীউল্লাহ’র বাসা। অপহূতের ভাই সালামতউল্লাহ বলেন, তার ছোটভাই ওয়ালীউল্লাহ চার সন্তানের জনক। সোমবার রাত ১০টার দিকে এলাকার অপূর্ব ক্লাব থেকে বাসার উদ্দেশে বের হয়। বের হবার সঙ্গে সঙ্গে ১০/১২ জন অস্ত্রের মুখে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, হাজী মো. ওয়ালীউল্লাহ নামে এক ডিশ ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। গত ১১ ডিসেম্বর পল্লবীর বি ব্লকের ৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির সামনে থেকে সেলিম রেজা পিন্টু (৩০) নামে এক যুবক অপহূত হওয়ার পর এখনও উদ্ধার হয়নি। পিন্টুর বোন রেহেনা বানু জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা তার ভাইকে বাসার সামনে থেকে ধরে নিয়ে গেছে। তার ভাইকে উদ্ধারের জন্য পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে এক কর্মকর্তার কাছে ভাইকে উদ্ধারের অনুরোধ করেন। প্রায় সাড়ে ৪ মাস পরও পিন্টু উদ্ধার হয়নি। পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, পিন্টু নিখোঁজের ব্যাপারে থানায় জিডি হয়েছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।